১৯ জুন ২০২২
ডেস্ক রিপোর্ট : রেললাইন থেকে পানি সরে যাওয়ায় দুপুর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে স্টেশনে বন্যার পানি উঠায় রেল যোগাযোগ বন্ধ রাখা হয়।
রবিবার দুপুরের দিকে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার থেকে ফেঞ্চুগঞ্জ পর্যন্ত বেশ কয়েক জায়গায় রেললাইনে বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। যে কারণে সিলেট রেলস্টেশন থেকে রেল চলাচল বন্ধ রাখা হয়। তবে ফেঞ্চুগঞ্জ স্টেশন থেকে রেল যোগাযোগ স্বাভাবিক ছিল। রবিবার রেললাইন থেকে পানি সরে যাওয়ায় দুপুর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এর আগে স্টেশনে বন্যার পানি ওঠায় শনিবার (১৮ জুন) সিলেট স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল।
বুধবার থেকে সিলেটে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। বৃহস্পতিবার তা ভয়াবহ রূপ নেয়। এদিন বিকাল থেকে দ্রুত বাড়তে শুরু করে পানি। এতে রেলস্টেশন, বিমানবন্দরসহ নগরীর অধিকাংশ এলাকায় বন্যাক্রান্ত হয়ে পড়ে।
উল্লেখ্য, শুক্রবার বিকাল থেকে তিনদিনের জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।