২৮ ডিসেম্বর ২০১৭
নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়াকে মাইনাস করে দেশে কোন নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আদালতে চলমান খালেদা জিয়ার মামলার অগ্রগতির সাথে আগামী নির্বাচনের সংযোগ রয়েছে। এ জন্য দলের নেতা-কর্মীকে সতর্ক থাকতে হবে।’
বৃহস্পতিবার সিলেট জেলা বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে আয়োজিত কর্মী সভায় গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘আন্দোলনের জন্য যদি মরতেই হয়, তাহলে নির্বাচনের আগে মরতে হবে। দেশের গণতন্ত্র আজ ইলিয়াস আলীর মতো গুম হয়ে গেছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ও ড. এনামুল হক চৌধুরী, সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদ আজাদ।
অন্যান্যের বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা এম এ হক, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপি নেতা শফি আহমদ চৌধুরী, আব্দুর রাজ্জাক ও চিত্রনায়ক হেলাল খান প্রমুখ।
(আজকের সিলেট/২৮ ডিসেম্বর/ডি/এমকে/ঘ.)