১৩ জুন ২০২২


সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট-সেতু-কালভার্ট

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বন্যায় সুনামগঞ্জের ৭শ’ কিলোমিটার সড়ক, ৮টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে চারটি সেতু ভেসে গেছে। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের ২শ’ কোটি টাকা এবং সড়ক জনপথের ১শ’ কোটি টাকার ক্ষতি হয়েছে।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নিয়ামতপুর, তাহিরপুর সড়কের হরিপুর এলাকার সেতুর দুই পাশের সংযোগ সড়ক প্রবল স্রোতে ধসে গেছে। যে কোনো সময় উভয় পাশের সংযোগ সড়কের মাটি সরে জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে ফতেহপুর ও গৌরারং ইউনিয়নের শতাধিক গ্রামের।

সড়ক ও জনপথের লোকজন সংযোগ সড়ক রক্ষায় বালি-সিমেন্ট মিশ্রিত বস্তা ফেলেছেন ধসে যাওয়া অংশে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। সেতুর দু’পাশে ১শ’ ফুট জায়গা জুড়ে ধস নেমেছে। জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করছে।

সড়ক ও জনপথ সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম প্রামাণিক গণমাধ্যমে বলেন, আমরা জরুরি ভিত্তিতে বেশি ক্ষতিগ্রস্ত জায়গাগুলো আগে মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে তুলছি।

এলজিইডি সূত্রে জানা যায়, জেলার ১২টি উপজেলায় বন্যায় ১০০টি সড়কের ৬শ’ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ছাতক গোবিন্দগঞ্জ সড়ক। এ সড়কের ২৭ কিলোমিটারের কার্পেটিং উঠে গেছে।

শেয়ার করুন