৯ জুন ২০২২
নিজস্ব প্রতিবেদক : জৈন্তাপুরে হুছন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন দন্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করেছেন আদালত । দন্ডপ্রাপ্তরা হলেন- জৈন্তাপুর থানার আগফৌদ গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে বাহার উদ্দিন ও নিজাম উদ্দিন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারি অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এই রায় প্রদান করেন।
সূত্র জানায়, ২০১১ সালে দুবাই দেশের ভিসা দেওয়ার কথা বলে বাহার তিন লক্ষ টাকা নেয় নিহত হুছন আহমদের কাছ থেকে। পরে ভিসা না দিয়ে বাহার নানা ধরণের তালবাহানা করে। এ নিয়ে কয়েকবার সালিশ বৈঠকও হয়।
পরবর্তীতে ২০১১ সালের ১৮ জুন সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার আগফৌদ গ্রামের মো. আব্দুল খালিকের ছেলে হাছন আহমদ ও হুছন আহমদ টাকা চাইতে যান বাহারের কাছে।
কিন্তু সে দিন তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দেয় বাহার ও তার পরিবারের লোকজন। কিন্তু পরদিন ১৯ জুন টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়িতে ঢেকে নেয় বাহার। ওই সময় বাহার ও তার ভাই নিজাম মিলে সুলফি দিয়ে আঘাত করে খুন করে হুছনকে। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহত হুছনের ভাই হাছন বাদী হয়ে জৈন্তাপুর থানার (মামলা নং৯(৬)১১ইং) দাখিল করেন।
এ মামলার তদন্ত শেষে ২০১২ সালের ২৪ মে দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট নং ৪২ দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মৃদুল কুমার ভৌমিক।
২০১৩ সালের ২৪ জুলাই চার্জ গঠন শেষে শুরু হয় মামলার বিচার কাজ। মামলায় দীর্ঘ শুনাণী শেষে দুইজনের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় ৩০২/৩৪ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেন আদালত।