৮ জুন ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার স্বামী ও শিশুসন্তানসহ ৩ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মাসুদা বেগম (২২) সদর উপজেলার মির্জাপুর গ্রামের চান মিয়ার স্ত্রী।
বুধবার দুপুরে হবিগঞ্জ-লাখাই সড়কের বামকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বুধবার লাখাই উপজেলার সিংহগ্রামে পিত্রালয় থেকে মাসুদা বেগম তার স্বামী চান মিয়া এবং তাদের সন্তান মাহিন মিয়াকে (১৯) চিকিৎসক দেখাতে সিএনজি অটোরিকশাযোগে হবিগঞ্জ শহরের উদ্দেশে রওনা হন।
বামকান্দি এলাকায় পৌঁছালে সিএনজি অটোরিকশার চালক বেপরোয়া গতিতে একটি ট্রাক্টরকে ধাক্কা দেন। এতে মাসুদা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত তার স্বামী, সন্তান ও অটোরিকশাচালককে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তাদের সন্তানের অবস্থাও আশঙ্কাজনক।