৭ জুন ২০২২


দু’দিন ধরে বিদ্যুৎহীন জগদল হাসপাতাল

শেয়ার করুন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে স্থানীয় পল্লী বিদ্যুৎ বিভাগ। বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ প্রায় ৭৫ হাজার টাকা। গত দু’দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের পাশাপাশি হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা ।

জগদল হাসপাতালের ইনচার্জ ডা. কুশল চক্রবর্তী বলেন, দু’দিন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এ অবস্থায় হাসপাতালের কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্টাফ ও রোগীদের হাসপাতালে অবস্থান করতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দিরাই পল্লী বিদ্যুতের এজিএম মো. নুরুল ইসলাম বলেন, এক বছরে প্রায় পঁচাত্তর হাজার টাকা বিল বকেয়া জগদল হাসপাতালের। আমরা দাপ্তরিকভাবে বিল আদায়ের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছি। বাধ্য হয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইয়াসিন আরাফাত বলেন, হাসপাতালের বকেয়া বিলের বিষয়টি উর্ধ্বতন পর্যায়ে অবহিত করা হয়েছে। সুরাহাও হবে। সরকারের এক বিভাগের টাকা আরেক বিভাগে যাবে। তবে বিলের জন্য হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা দুঃখজনক।

সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম প্রকৌশলী সুদীপ কুমার বিশ্বস বলেন, জগদল হাসপাতালের বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে একাধিকবার চিঠি দিয়েছেন ওখানকার এজিএম। কর্তৃপক্ষের অনেকবার কথাও বলেছেন, কেউই আমলে নিচ্ছেন তাদের আবদার। এজন্য সংযোগ বিচ্ছিন্ন করা ছাড়া কোন পথ ছিল না তাদের।

শেয়ার করুন