৬ জুন ২০২২
মিজান মোহাম্মদ, নবীগঞ্জ থেকে ফিরে : নবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে তৈরি হচ্ছে ‘বীর মুক্তিযোদ্ধা শিশু পার্ক’। উপজেলা নির্বাহি অফিসার এবং সংশ্লিষ্ট টিমের পরিকল্পনা ও নির্দেশনায় সিলেট থেকে আগত আর্কিটেকচার টিম নবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ ইতিমধ্যে সাইট ভিজিট করেছেন।
হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি’র সার্বিক নির্দেশনা ও জেলা প্রশাসক ইশরাত জাহান এর পরামর্শ অনুসারে সিলেট বিভাগের মুক্তিযুদ্ধের সংগঠক, প্রয়াত সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজী’র স্মৃতি স্মরণে নবীগঞ্জের সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে তৈরি হচ্ছে এ পার্কটি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন’র পরিকল্পনা ও তত্ত্বাবধানে প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে এ পার্ক ও পুকুর উন্নয়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা যায়, স্থানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি টিআর প্রকল্প থেকে বরাদ্দ প্রদান করেছেন এবং তাঁর প্রচেষ্টায় ইন্ডিয়ান হাই কমিশনের মাধ্যমে ভারত সরকার কর্তৃক এই সোয়া কোটি টাকা অর্থায়নে উদ্যোগ নিয়েছেন।
ইতিমধ্যে তিনি নবীগঞ্জ উপজেলার জন্য ইন্ডিয়া থেকে প্রাপ্ত দুই কোটি মূল্যের এম্বুলেন্স নবীগঞ্জ উপজেলা হাসপাতালে প্রদান করেছেন। এছাড়া আরও উন্নয়ন প্রকল্প গ্রহণ করে নবীগঞ্জ এর মানুষের উন্নয়নে তিনি আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ বলেন, মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান। তাঁরা দেশ মাতৃকার টানে নিজের জীবন ও পরিবারের কথা চিন্তা না করে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। আর তাঁদের এই আত্মদানের বিনিময়েই পেয়েছি আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই সূর্য সন্তানদের সম্মানে কিছু করতে পারলে আমার বাবা প্রয়াত সংসদ সদস্য, মা-মাটি ও মানুষের নেতা দেওয়ান ফরিদ গাজী’র মহোদয়ের প্রতি সম্মান জানানো হবে। কারণ তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন বলেন- খুব শীঘ্রই এর ভিত্তি প্রস্তর স্থাপন করে অর্থায়ন পাওয়া সাপেক্ষে এ বছরের মধ্যে কাজ শেষ করা হবে। বীর মুক্তিযোদ্ধাদের নাম ফলক সম্পন্ন সম্মানের মাধ্যমে এটির শুভ উদ্বোধন হবে। এতে সকলের সহযোগিতা কামনা করছি।