২ জুন ২০২২
ডেস্ক রিপোর্ট : নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত্বরের কাছে একটি চলন্ত প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ ১৪৩০৫১) ইঞ্জিনে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটেছে। এসময় গাড়িতে আগুন ও ধোঁয়া দেখে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুপাশে শত শত গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চ্ত্ত্বরের পাশে ওভার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দক্ষিণ সুরমার আলমপুর স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।
প্রাইভেটকারের মালিক রাসেল আহমদ জানান, তার বাসা নগরীর শাহজালাল উপশহরে। একটি কাজে দক্ষিণ সুরমার চন্ডিপুল যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন তিনি। গাড়িতে একাই ছিলেন রাসেল। গাড়িটি চালিয়ে শাহজালাল সেতু পার হয়ে ওভার ব্রিজের কাছে আসামাত্র গাড়ির ইঞ্জিনে ধোঁয়া দেখতে পান তিনি। তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে যান রাসেল। পরক্ষণেই ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুন দেখে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা পানি এবং বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আসেনি। পরে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
দক্ষিণ সুরমার আলমপুরস্থ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আলাউদ্দিন মনির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গাড়ির বৈদ্যুতিক তার শর্ট হয়ে এ অগ্নিকাণ্ড ঘটেছে। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছি এবং ৮-১০ মিনিটে আগুন নিভিয়ে ফেলি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাড়ির ইঞ্জিন পুরোপুরি পুড়ে গেছে।