২ জুন ২০২২


মাটির পাত্র বানালেন মেহজাবীন!

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : সারা বছরই প্রায় শুটিংয়ে ব্যস্ত থাকেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে সময় পেলেই ঘুরে-বেড়াতে পছন্দ করেন তিনি। প্রায়ই তিনি দেশের বাইরে ঘুরতে যান। মে মাসের দ্বিতীয় সপ্তাহে তুরস্কের ইস্তানবুলে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে মেহজাবীন হাজির হয়েছিলেন একটি মৃৎশিল্পের কারখানায়। এরপর পুরোদস্তুর মৃৎশিল্পী হওয়ার চেষ্টা করেছেন তিনি। নিজ হাতে তৈরি করেন মাটির পাত্রও। মেহজাবীন তার ফেসবুক পেজে মাটির পাত্র বানানোর ভিডিও শেয়ার করেছেন।

মেহজাবীনের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, মাটির পাত্র বানানোর জন্য মেহজাবীন প্রথমে বিশেষ প্যান্ট পরে নেন। এরপর বসে যান যন্ত্রচালিত চাকের পাশে। কিছুক্ষণের চেষ্টা একটি মাটির পাত্রও তৈরি করে ফেলেন এই শিল্পী।

এ বিষয়ে মেহজাবীন বলেন, ‘তুরস্কের ভ্রমণটা অসাধারণ ছিল। প্রথমবারের মতো মাটির পাত্র বানানোর চেষ্টা করেছি। সেখানকার ট্যুর কোম্পানি খুব সুন্দর এই অভিজ্ঞতা পাওয়ার সুযোগ করে দিয়েছিল। ’

এদিকে জানা যায়, তুরস্কই নয়, যুক্তরাষ্ট্রসহ আরো কয়েকটি দেশ ঘুরেছেন মেহজাবীন। নিজের ফেসবুকে নিউইয়র্কের রাস্তায় হাঁটাহাঁটির ছবি দিয়েছেন মেহজাবীন। ক্যাপশনে লিখেছেন, ‘কেন তাকিয়ে আছো আমার দিকে?’

শেয়ার করুন