১ জুন ২০২২


আবারো বাড়ছে বিদ্যুতের দাম

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : কোম্পানিগুলোর প্রস্তাবনার বিপরীতে ইতিমধ্যে শেষ হয়েছে গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোর গণশুনানি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আয়োজনে অনুষ্ঠিত শুনানিতে বিভিন্নভাবে গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ার ইঙ্গিত পাওয়া গেলেও সরকারের পক্ষ থেকে কোনো ধরণের ঘোষণা আসছিল না এতদিন।

অবশেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানালেন, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতে দেশে বাড়বে বিদ্যুতের দাম। তবে বাড়লেও তা সব পর্যায়ের মানুষের জন্যই সহনীয় পর্যায়ে রাখারও আশ্বাস দিয়েছেন তিনি। এতে করে জনগণের খুব একটা দুর্ভোগ তৈরি হবে না বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, আমি দাম কমবে বলিনি, আমি বলেছি সাশ্রয়ী বিদ্যুৎ দেবো। আগে যে দামে বিদ্যুৎ দেওয়া যেতো, এখন সে দাম কিন্তু নেই। বিশ্বে জ্বালানির দাম অনেক বেড়ে গেছে। কিন্তু আমাদের অবস্থা কিন্তু এখনও অনেক স্থিতিশীল।

এদিকে সম্প্রতি নিজেদের দেশ থেকে ক্রুড অয়েল কেনার যে প্রস্তাবনা রাশিয়া দিয়েছিলো তা গ্রহণ করা হচ্ছে না বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী তিনি বলেছেন, বাংলাদেশ দেশের একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে লাইট ক্রুড অয়েল বা হালকা অপরিশোধিত তেল পরিশোধন করে। কিন্তু রাশিয়া যে ক্রুড অয়েল রফতানি করতে চাইছে, তা অনেকটা ভারি। ফলে এই তেল দেশে পরিশোধন করা সম্ভব না। তাই আপাতত এটি আনা হচ্ছে না।

পিডিবি’র সুবর্ণজয়ন্তী পেরিয়ে সরকার নতুন জ্বালানির খোঁজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী পরীক্ষামূলক নতুন জ্বালানি হাইড্রোজেন দিয়ে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্যতা জরিপ করা হবে। এজন্য সরকার একটি নীতিমালাও করেছে।

নসরুল হামিদ বলেন, ১৩ বছর আগে যে দামে বিদ্যুৎ পাওয়া যেত একই দামে এখন বিদ্যুৎ দেয়া সম্ভব নয়। ব্যবসায়ীসহ সবাইকে চিন্তা করতে হবে, তারা বিদ্যুৎ পাচ্ছে কিনা এবং সাশ্রয়ী মূল্যে পাচ্ছে কিনা।

সবার জন্য সহনীয় পর্যায়ে রেখেই বিদ্যুতের দাম বাড়বে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের দাম সাশ্রয় করতে আমাদের আরও কমপক্ষে পাঁচ ছয় বছর সময় লাগবে। এই মুহূর্তে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করার সময়ও আসেনি। এরজন্যও আরও পাঁচ ছয় বছর অপেক্ষা করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, রাশিয়া থেকে অপরিশোধিত তেল আপাতত কেনা সম্ভব হচ্ছে না। তবে রাশিয়া থেকে তেল আমদানি ছাড়াও আমরা অনেক দেশ থেকে অনেক অফার পাচ্ছি। রাশিয়ার ক্রুড আমাদের ক্রুডের সঙ্গে ম্যাচ করে না। আমরা অ্যারাবিয়ার মারমার ব্যবহার করি, যা অনেকটা হালকা। আমাদের ক্রুড অয়েলের কোনও সংকটও নেই। ফলে মুহূর্তে অন্য দেশের মতো মজুতের চিন্তা করছি না। তবে বিশ্ব বাজারে তেলের দাম ওঠানামা করছে। সেটা আমরা নিয়মিত মনিটরিং করছি।

নতুন জ্বালানির খোঁজের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, হাইড্রোজেন দিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইউরোপ এবং যুক্তরাষ্ট্র অনেক দিন থেকে চেষ্টা করছে। ইতোমধ্যে ইইউ এ কাজে বিপুল পরিমাণ বিনিয়োগের জন্য তহবিল গঠন করেছে। দক্ষিণ কোরিয়া থেকে একটি হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্ট চালুও করেছে। নবায়নযোগ্য জ্বালানি হিসেবে হাইড্রোজেন ভবিষ্যৎ দুনিয়ার জ্বালানি হবে বলে মনে করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, সামনে বড় পরিবর্তন আসছে, হাইড্রোজেন পলিসি করতে যাচ্ছি। ভবিষ্যতে এই জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন হতে পারে। এখনও ফিজিবিলিটি করা হচ্ছে। যাচাই বাছাই চলছে। ৪১ সালের মধ্যে ৪১ শতাংশ বিদ্যুৎ আনতে হবে নবায়নযোগ্য জ্বালানি থেকে। এজন্য ব্যাপক বিনিয়োগ করতে হবে।

নসরুল হামিদ বলেন, পিডিবির আজ ৫০ বছর হলো। ১৯৭২ সালে বঙ্গবন্ধুর হাত ধরে যাত্রা শুরু করে পিডিবি। ওয়াপদাকে ভেঙে দুটি সংস্থা করা হয়। তার একটি পিডিবি। বঙ্গবন্ধুর এই দূরদর্শী চিন্তার কারণে আজ আমরা এইখানে। উনি বুঝতে পেরেছিলে গ্রামে বিদ্যুতের সুবিধা বাড়াতে হবে। বিদেশ থেকে কেন্দ্র এনে প্রথম বিদ্যুৎ উৎপাদন শুরু করেছিলেন। নানা সমস্যার মধ্যে তিনি এসব উদ্যোগ নেন। তিনি বুঝেছিলেন ওই সময় কলকারখানার উন্নয়ন করতে হবে।স্বাধীনতার তিন বছরের মধ্যে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র স্থাপন করা হয়। ৫০০ মেগাওয়াট থেকে আজ ২৫ হাজার ৫০০ মেগাওয়াট ক্ষমতায় উন্নিত হয়েছি আমরা। এরমধ্যে নানা ঘটনা ঘটেছে। নানা প্রতিকূলতা পার হয়ে এসেছি আমরা। আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বেও বিদ্যুৎ বিভাগ শতভাগ সফল। প্রধানমন্ত্রীর পরিশ্রম, দুর্দান্ত সাহস এবং দূরদর্শী চিন্তার কারণে আমরা আজ শতভাগ বিদ্যুৎ দিতে পারছি।

তিনি বলেন, এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাশ্রয়ী বিদ্যুৎ দেয়া এবং সেটা নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করা। এদিকে আগামীতে সারা বিশ্বে বিদ্যুতের দামে একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এর দাম নির্ভর করে জ্বালানির দামের ওপর। আমরা বিদেশ থেকে তেল আনি, গ্যাস আনি। এক্ষেত্রে এখন দামের একটি বড় প্রভাব পড়ছে। বিদ্যুতের দাম বাড়ুক না কেন, আমরা এফিশিয়েন্ট কিনা, কত দ্রুত বিদ্যুৎ দিতে পারবো। স্বল্প সময়ে বিদ্যুৎ দিতে তেলভিত্তিক কেন্দ্র করা হলেও এখন তা থেকে সরে আসতে শুরু করেছি। এখন যাদের মেয়াদ বাড়ানো হয়েছে, তাদের থেকে বিদ্যুৎ প্রয়োজন না হলে নেবো না। দীর্ঘ মেয়াদি রামপাল থেকে, এস আলম-সহ বেশ কিছু বড় বিদ্যুৎকেন্দ্র থেকে আমরা বিদ্যুৎ পাবো। এসব থেকে আমরা সাশ্রয়ী মুল্যে বিদ্যুৎ পাবো। তার মানে আমরা এখন সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে এগুচ্ছি।

তিনি দাবি করেন, চলতি বছর ঝড়-বন্যায়ও বিদ্যুৎ বিভাগ ভালোভাবে কাজ করেছে। দ্রুত কাজ করা হয়েছে। তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ স্বাধীনতা পুরস্কার পেয়েছে। এটা অনেক বড় অর্জন। সহযোগিতা পেলে আরও ভালোর দিকে যেতে পারবো। প্রতিমন্ত্রী বলেন, আমদানি করা বিদ্যুতের পরিমাণ আমরা বাড়াতে চাই। নেপাল থেকে বিদ্যুৎ আনা হবে। ৫/৭ বছরে এসব পার্শ্ববর্তী দেশসহ বেশ কিছু এলাকা থেকে বিদ্যুৎ আনতে পারবো।

পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, আজ থেকে ৫০ বছর আগে এই পিডিবি গঠন করা হয়। অনেক চড়াই-উতড়াই পার হয়ে আজকে এই জায়গায় এসেছে। আধুনিক, যুগোপযোগী, এবং প্রযুক্তিসহ একটি আধুনিক সংস্থা গঠন করার ব্যাপারে আমরা গুরুত্ব দিয়ে কাজ শুরু করছি। অটোমেশিনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। এজন্য জনবল উন্নয়নের যে কাজ তা ইতোমধ্যে শুরু করেছি। সরকারের দিক নির্দেশনার আলোকে আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনে এই চ্যালেঞ্জগুলো কীভাবে নিয়ে যাবো সেই উদ্যোগ নেয়া হচ্ছে। চেয়ারম্যান বলেন, আমরা কোয়ালিটি বিদ্যুৎ নিয়ে কাজ করছি, সাশ্রয় বলতে দাম কম তা নয়। বিইআরসি আমাদের প্রস্তাব যাচাই বাছাই করছে। সরকার এই খাতে ভর্তুকি দেয়। এই সংস্থার অনেক পরিবর্তন করা হবে, এতে খরচ আছে। এছাড়া জ্বালানির সর্বোচ্চ ব্যবহার এখন আমরা করার চেষ্টা করছি। সব কিছু সমন্বয় করেই একটা গ্রহণযোগ্য দাম বের হয়ে আসবে বলে আশা করছি।

শেয়ার করুন