২৫ ডিসেম্বর ২০১৭


উৎসবের আমেজে পালিত হচ্ছে বড়দিন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় সিলেটেও উৎসবের আমেজে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। বড়দিনের ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ সাজসজ্জায় সাজানো হয়েছে এখানকার সবকটি গির্জা। তাছাড়া গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে দৃষ্টিনন্দন করে। নয়াসড়কস্থ গির্জায় উৎসবের আমেজে পালিত হচ্ছে বড়দিন।

সোমবার ভোর ৫টায় ক্যারলস গানের (নগর সংগীত) মাধ্যমে সিলেট প্রেসব্রিটারিয়ান চার্চে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল দশটায় চার্চে আগত সকলের উদ্দেশ্যে ধর্মবাণী শোনান প্রেসবিটারিয়ান চার্চের চেয়ারম্যান ডিকন নিঝুম সাংমা। সকাল সাড়ে দশটায় বিশ্ব শান্তি ও সব ধর্মের মানুষের মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় সম্প্রীতি প্রার্থনা।

সকাল সাড়ে ১১টায় কেক কাটা হয়। কেক কাটা অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি। তবে, উনার পক্ষ থেকে একটি কেক পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চার্চের সম্পাদক ডিকন নিঝুম সাংমা।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিসিকের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য প্রমুখ।

সিলেট প্রেসব্রিটারিয়ান চার্চের ফাদার ডিকন নিঝুম সাংমা জানান, বড়দিন হলো বড় হওয়ার দিন। বড়দিন উৎসবের জন্য আধ্যাত্মিক প্রস্তুতি, অন্তরের প্রস্তুতি এবং বাহ্যিক অনেক প্রস্তুত্তি নেয়া হয়েছে। সব ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসবটি হয়ে উঠবে সার্বজনীন এমনটি আশা করেন তিনি।

এদিকে, বড়দিন উদযাপনের লক্ষে চার্চগুলোতে থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পোষাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও মোতায়েন রয়েছে। তাছাড়া যেসব এলাকায় চার্চ এবং খ্রিস্ট সম্প্রদায়ের লোকের অবস্থান রয়েছে সেখানে সার্বক্ষণিক টইল থাকছে। ফলে সবাই আনন্দঘন পরিবেশেই উৎসব উদযাপন করতে পারবেন বলে জানিয়েছেন নয়াসড়কস্থ চার্চে দায়িত্বরত পুলিশ।

(আজকের সিলেট/২৫ ডিসেম্বর/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন