৩০ মে ২০২২


গোলাপগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে আয়েশা সিদ্দিকা (১৫) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আয়েশা গোটারগাঁও গ্রামের প্রবাসী আব্দুল আহাদের মেয়ে এবং স্থানীয় মীরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

রোববার রাতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গোটারগাঁও নিজ বাড়ির শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, এদিন সন্ধ্যায় নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের লোহার রডের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তারা তাৎক্ষণিক তার নিথর দেহ নিচে নামান। পরে ঘটনাটি থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী গোলাপগঞ্জ মডেল থানার এসআই পার্থ সারথি দাস বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যাই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর আসল কারণ বুঝা যাবে।

শেয়ার করুন