২৭ মে ২০২২


নগরীতে বিশুদ্ধ পানি সরবরাহে ধীরগতি, ভোগান্তি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আকস্মিক বন্যায় নগরীর প্রায় বাসাবাড়ির পানির ট্যাঙ্ক ডুবে যাওয়ায় ৭-৮ দিন পানি সরবরাহ বন্ধ ছিল। তবে আশার কথা বন্যার পানি নেমে যাবার পর সিটি কর্পোরেশন এলাকায় ধীরে ধীরে পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার থেকে নগরীতে পানি সরবরাহ করা শুরু হলেও পর্যায়ক্রমে নগরীতে পূর্বের মত পানি সরবরাহ করা হবে, এমনটাই জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের পানি বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান।

বন্যার পানিতে নগরীতে অনেক বাসাবাড়ির পানি সংরক্ষণের ট্যাঙ্ক তলিয়ে যাওয়া ছাড়াও সরবরাহ পাইপলাইন বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হবার কারণে বিশুদ্ধ পানি সরবরাহ পাননি গ্রাহকেরা। এসময় সুপেয় পানির জন্যে মানুষকে বোতলজাত পানি কিনে ব্যবহার করতে হয়েছে। সিসিকের পক্ষ থেকেও বন্যা উপদ্রুত এলাকায় ট্যাঙ্কে করে সরবরাহ করা হয়েছে সুপেয় পানি। ঐ সময়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি উদ্যোগেও বিশুদ্ধ পানি সরবরাহ করতে দেখা গেছে।

সিসিক-এর পানি শাখার সহকারী প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান জানান, নগরীর শাহি ঈদগাহ এলাকা থেকে একজন গ্রাহক পাইপ দিয়ে নোংরা পানি আসার অভিযোগ দেন।

অনুসন্ধান করে দেখা যায়, নালার ভেতরে প্রবাহিত পাইপ ছিদ্র হয়ে ময়লা পানি বাসায় চলে যাচ্ছে। বিভিন্ন জায়গায় পানির লাইন ছিদ্র হয়ে যাবার কারণে বাসা-বাড়িতে ময়লা পানি বের হচ্ছে। সিসিকের সরবরাহ করা পানিতে কোন সমস্যা নেই। গতকাল বৃহস্পতিবার থেকে পুনরায় পানি সরবরাহ শুরু হলেও সকল ওয়ার্ডে পানি সরবরাহ শুরু হয়নি। ধীরে ধীরে সকল এলাকায় পানি সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। গ্রাহকদের নিজ নিজ পানির ট্যাঙ্ক পরিষ্কার করে রাখার জন্য বলা হয়েছে।

শেয়ার করুন