১৬ মে ২০২২
নিজস্ব প্রতিবেদক : শহরতলীর জালালাবাদ ইউনিয়নের খারইল বিলে ডিঙি নৌকা ডুবে নিখোঁজ আছকন্দর আলী (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আছকন্দর আলী পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর ছেলে।
সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিলেট সদর উপজেলার খারইল বিলের মধ্যবর্তী স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন সদর উপজেলার জালালাবাদ থানাধীন রায়ের গাঁওয়ের ইছকন্দর আলীর ছেলে রজাক আলী।
সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঝড়ের কবলে পড়া নৌকা থেকে ৬জন সাঁতার কেটে তীরে উঠতে পেরেছে। আর নিখোঁজ ২ জনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিসহ স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে। বিকেলে একজনের মরদেহ হাওরে ভেসে উঠলে উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, রোববার রাত সাড়ে ১০টার দিকে একটি নৌকায় রায়েরগাও থেকে কালারুকা যাচ্ছিলেন বেশ কয়েক জন আরোহী। পথে সিলেট সদরের খারইল বিলের মধ্যবর্তী স্থানে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে নৌকার ৬ আরোহী তীরে ফিরতে পারলেও পঞ্চাশোর্ধ্ব ২ ব্যক্তি নিখোঁজ হন।