১০ মে ২০২২
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : বড়লেখায় শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস চাপায় ফখরুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ফখরুল উপজেলার উত্তর গাংকুল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
সোমবার রাতে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বড়লেখার কাঠালতলী ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর চালকসহ যাত্রীবাহী বাসকে আটক করেছে পুলিশ।
জানা যায়, ফখরুল ইসলাম বড়লেখা থেকে মোটরসাইকেলে করে রতুলি বাজারে ফিরছিলেন। কাঠালতলী ব্র্যাক অফিসের সামনের রাস্তায় আসা মাত্র বিপরীত দিক ঢাকা থেকে বিয়ানীবাজারগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর অবস্থায় আহত ফখরুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, শ্যামলী পরিবহনের বাস ও চালককে আটক করা হয়েছে।