৩ মে ২০২২
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে গোসল করার সময় বজ্রপাতে শাহজাহান মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময় হাওরে গরু চড়ানোর সময় বজ্রপাতে আরেকজন আহত হয়েছেন। নিহত শাহজাহান আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের নোয়ানগর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার সকালের দিকে পৃথক এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ঈদ জামাতের আগে কুশিয়ারা নদীতে গোসল করতে যান শাহজাহান। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
এদিকে, হাওরে গরু চড়ানোর সময় বজ্রপাতে আহত হয়েছেন একই গ্রামের বাসিন্দা সত্যলাল দাস (৩৫)। তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী জানান, বজ্রপাতে মৃত্য হওয়া ব্যক্তির পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।