২৮ এপ্রিল ২০২২
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুর প্রায় াতন মাস পর উপ-নির্বাচনের তপশীল ঘোষণা করা হয়েছে। তপশীল ঘোষণার আগে থেকেই একধরনের নিরব প্রচারণা থাকলেও তপশীল ঘোষণার পর পরই নড়ে চড়ে বসেছেন ক্ষমতাসীন দল আওয়ামীলীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চলছে সরব আলোচনা। ইতিমধ্যে দৌড়ঝাপ শুরু করেছেন ক্ষমতাসীন দলের এক ঝাঁক মনোনয়ন প্রত্যাশী।
এদিকে, বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা পরিষদের উপ নির্বাচন নিয়ে নানা ছন্দে সালাম, অভিবাদন অব্যাহত রেখে চলেছেন প্রার্থীরা। তা ছাড়া দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও নিজেদের কর্মী-সমর্থকদের মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মন কাড়ার চেষ্টা করছেন। কেউ কেউ উপজেলার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের বিভিন্নভাবে তুলে ধরছেন।
উপনির্বাচন ঘিরে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের নেতৃবৃন্দ জোর প্রচারণা শুরু করেছেন। ইতিমধ্যে চেয়ারম্যান পদে নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রয়েছেন প্রায় ডজন খানেক নেতা।
এরমধ্যে আলোচনায় রয়েছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, মরহুম ইকবাল আহমদ চৌধুরীর ভাই ও জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর শাফি চৌধুরী এলিম, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন ইসলাম কামাল, কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম, ভাইস চেয়ারম্যান মনুসর আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আকবর আলী ফখর, ঢাকা দক্ষিণ সরকারি কলেজের সাবেক ভিপি শফিক উদ্দিন, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদসহ আরও কয়েকজন নেতা।
অন্যদিকে, জামায়াত-বিএনপি থেকে দলীয় প্রার্থী না থাকার আভাস থাকলেও স্বতন্ত্র হিসেবে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ নির্বাচনে অংশ নিতে পারেন বলে বেশ আলোচনা চলছে।
নির্বাচন প্রসঙ্গে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম শিলা বলেন, নির্বাচনে জনগণের ভালবাসা নিয়ে প্রতিদ্বন্ধিতা করতে চাই। দল যদি নৌকা প্রতীক দেয় তবে আমি নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবো।
উপজেলা নির্বাহী অফিসার মো গোলাম কবীর বলেন, উপ-নির্বাচনের জন্য তপশীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে।
এরআগে ২৫ এপ্রিল গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচনের তপশীল ঘোষণা করা হয়। ঘোষিত তপশীল অনুসারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫জুন। এইদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে টানা ভোটগ্রহণ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭মে, মনোনয়নপত্র বাছাই ১৯মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬মে, প্রতীক বরাদ্দ ২৭মে।
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী গত ২৯ জানুয়ারি ইন্তেকাল করেন। পরে পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগ। ইকবাল আহমদ চৌধুরী ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে অংশ নিয়ে বিজয়ী হয়েছিলেন।