২৬ এপ্রিল ২০২২
ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে রয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি মিরাজ। তবে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলতে নেমে আঙুলে চোট পাওয়ায় প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন মিরাজ।
রোববার প্রাইম ব্যাংকের তামিম ইকবালের ক্যাচ ধরতে গিয়ে ডানহাতের আঙুলে আঘাত পান মিরাজ। পরবর্তীতে এক্স-রেতে দেখা গেছে একটি আঙুলের হাড় নড়ে গেছে, চিড়ও দেখা গেছে।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরি জানান, ‘মিরাজের ডানহাতের আঙুলের হাড় নড়ে গেছে, চিড়ও ধরেছে। নড়ে যাওয়া হাড় আমরা ঠিক জায়গায় বসিয়ে দিয়েছি। চিড়টাকে মেডিকেলের ভাষায় বলে অ্যাভালশ ফ্র্যাকচার, লিগামেন্টের সংযুক্ত কিছু হাড় উঠে এসেছে। আপাতত আমরা ওকে দুই সপ্তাহের বিশ্রাম দিয়েছি। এই সময়টায় চাইলে শুধু পায়ের এক্সারসাইজ করতে পারবে। দুই সপ্তাহ পর আঙুলের অবস্থা পর্যবেক্ষণ করে দেখবো আমরা।’
প্রথম টেস্টে মিরাজকে পাওয়া যাবে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রথম টেস্ট খেলতে পারবে নাকি পারবে না, এসব তো মেডিকেলের ভাষায় আমরা বলতে পারি না। সময় হলেই দেখা যাবে। দুই সপ্তাহ পরই কেবল বলতে পারবো আমরা।’
নিজেই প্রথম টেস্টে নিজের খেলা নিয়ে শঙ্কায় নিয়ে মিরাজ বলেন, ‘আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে। খারাপ লাগছে খুব। প্রথম টেস্ট খেলতে পারবো কি না, কে জানে। সম্ভাবনা কমই মনে হচ্ছে। বলটা হাতে লাগার সময়ই বুঝেছিলাম, খুব বাজে কিছু হচ্ছে। বেকায়দায় পড়েছিলো, প্রচণ্ড ব্যথা হচ্ছিলো। এখন আবার অপেক্ষা শুরু, কখন ঠিক হয়।’
জানা গেছে, মিরাজের বদলি হিসেবে দলে দেখা যেতে পারে অফ স্পিনার নাঈম হাসানকে। তাকে ভাবনায় রেখেছেন নির্বাচকরা। তবে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
আগামী ১৫ মে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সময়ের হিসাবে দুই সপ্তাহের বেশি সময় আছে মিরাজ ও টাইগারদের সামনে।