২৩ এপ্রিল ২০২২
বিনোদন ডেস্ক : সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরীর পর আবারো বড়পর্দায় দেখা মিলবে বাংলা সাহিত্যে সত্যজিৎ রায় সৃষ্ট একটি জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ‘ফেলুদা’র । বহু অপেক্ষার সত্যজিৎ রায়ের লেখা ‘হত্যাপুরী’ গল্প নিয়েই হাজির হবেন পরিচালক সন্দীপ রায়।
তবে এবার টোটা বা অনির্বাণ নয় বরং ফেলুদার চরিত্রে দেখা যাবে টলিউডের অন্য এক জনপ্রিয় অভিনেতাকে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সন্দীপের ছবিতে ফেলুদা হচ্ছেন টলি অভিনেকা ইন্দ্রনীল সেনগুপ্ত। বহু মাস ধরেই নিজেকে ফেলুদার চরিত্রের জন্য তৈরি করছিলেন ইন্দ্রনীল।
‘হত্যাপুরী’কে সিনেমার পর্দায় আনার বহুদিন ধরে ইচ্ছে ছিল পরিচালক সন্দীপ রায়ের। সন্দেশ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় হত্যাপুরী। এই গল্পের প্রেক্ষাপট পুরীতে। সেখানেই লালমোহন বাবু ও তোপসেকে নিয়ে ঘুরতে যাবেন ফেলুদা। হঠাৎ সমুদ্রের পারে দেখবেন একটি মৃতদেহ। সেই রহস্যের সমাধানই শুরু হবে ফেলুদার হাত ধরে। মে মাসেই শুরু হবে নতুন ফেলুদা ছবির শুটিং। এসভিএফের প্রযোজনায় তৈরি হচ্ছে সিনেমাটি।