২২ এপ্রিল ২০২২


ধোনির বিধ্বংসি ব্যাটিংয়ে অবিশ্বাস্য জয় চেন্নাইয়ের

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : শেষ ওভারে ম্যাচ ফিনিশার ধোনির বিধ্বংসি ব্যাটিংয়ে অবিশ্বাস্য এক জয় পেলো চেন্নাই সুপার কিংগস।

বৃহস্পতিবার আসরের ৩৩তম ম্যাচে মুম্বাইয়ের ড. ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩ উইকেটে জিতেছে চেন্নাই।

শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে যান মুম্বাই অধিনায়ক রোহিত। চেন্নাইয়ের অখ্যাত পেসার মুকেশের ফুল লেন্থের ইনসুইং ডেলিভারিতে মিড অনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। এ নিয়ে আইপিএল ক্যারিয়ারে ১৪তম বার শূন্য রানে আউট হলেন রোহিত। আইপিএলে তার চেয়ে বেশি শূন্য নেই আর কারো। সমান ১৩ বার করে হাঁস খাওয়ার নজির রয়েছে অজিঙ্কা রাহানে, পার্থিব প্যাটেল, আম্বাতি রাইডু, মানদ্বীপ সিং, হরভজন সিং ও পিয়ুশ চাওলার।

টপঅর্ডারের তিন ব্যাটসম্যান মাত্র ৪ রান করে ফেরার পর বিপর্যয় সামাল দেয়ার মিশনে নামেন আরেক তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ও তরুণ তিলক ভার্মা। কিন্তু বেশি দূর যেতে পারেননি। দলীয় ৫০ হওয়ার আগেই ২১ বলে ৩২ রান করে আউট হন সূর্য। তরুণ তিলক ভার্মা ও হৃত্বিক শোকেন মিলে করেন ৬ ওভারে ৩৮ রান। দলীয় ৮৫ রানের সময় ডোয়াইন ব্রাভোর বলে আউট হওয়ার আগে ২৫ বলে ২৫ রান করেন শোকেন। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে মুম্বাই।

১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা তেমনা ভালো ছিলো না চেন্নাইয়ের। ফর্মে থাকা ওপেনার রুতুরাজ গাইকদ রানের খাতাই খুলতে পারেননি। আরেক ওপেনার রবিন উথাপ্পা ৩০ রান করেন ২৫ বল খেলে। মিচেল স্যান্টনার ৯ বলে ১১, আম্বাতি রাইডু ৩৫ বলে ৪০ ও শিভাম দুবের ১৪ বলে ১৩ রানের ইনিংসগুলো বাড়াচ্ছিলো রানরেটের চাপ। হতাশ করেন অধিনায়ক রবিন্দ্র জাদেজাও। তার ব্যাট থেকে আসে ৮ বলে মাত্র ৩ রান। মনে হচ্ছিল ম্যাচটি সহজেই জিতে নেবে মুম্বাই।

কিন্তু ডোয়াইন প্রিটোরিয়াস ও এমএস ধোনির ৩.৩ ওভারে ৩৪ রানের জুটিতে আশা জাগে চেন্নাইয়ের। শেষ ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে ১৪ বলে ২২ রানের মূল্যবান ক্যামিও খেলেন প্রিটোরিয়াস। কিন্তু শেষটা হয় ধোনির হাত ধরে। ৪ বলে ১৬ রান দরকার তখন। ওভারে মুখোমুখি হওয়া প্রথম বলেই বিশাল ছক্কা হাঁকান ধোনি। পরের বলে চার হাঁকিয়ে লক্ষ্যটাকে ২ বলে ৬ রান বানিয়ে দেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক। পঞ্চম বলে ডাবল ও শেষ বলে ঠিক বাউন্ডারি হাঁকিয়েই জয় নিশ্চিত করেন ধোনি।

মুম্বাইয়ের পক্ষে ড্যানিয়েল স্যামস নিয়েছেন ৪ উইকেট। চেন্নাইয়ের পক্ষে বল হাতে মাত্র ১৯ রান খরচে ৩ উইকেট নিয়েছেন মুকেশ। যা তার আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিং। এছাড়া ব্রাভো নিয়েছেন ২টি উইকেট।

শেয়ার করুন