২১ এপ্রিল ২০২২


শিল্পী সমিতি থেকে সরে দাঁড়াচ্ছেন ডিপজল

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি পদ থেকে পদত্যাগ করছেন জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ডিপজল নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মূলত প্রযোজক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিয়ম মেনে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করছেন। আগামী ২১ মে প্রযোজক সমিতির নির্বাচন। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন ডিপজল।

ডিপজল জানান, শিল্পী সমিতির গঠনতন্ত্রে বলা আছে- সমিতির কোনো পূর্ণ সদস্য চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্য কোনো সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য হলে শিল্পী সমিতির কার্যকরী পরিষদের পদ হারাবেন। তাই পদত্যাগ করছেন তিনি।

প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে মনোনয়নপত্রও জমা দিয়েছেন এ অভিনেতা।

উল্লেখ্য, গত বছরের মার্চ থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নেতৃত্বশূন্য। সমিতির প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক। প্রযোজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রশাসক। আগামী ২১ মে এফডিসিতে এ নির্বাচন হবে।

এরমধ্যে প্রযোজক সমিতির নির্বাচনের পরিচালনা জন্য বোর্ডও গঠন করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ। দুজন সদস্য আশরাফুর রহমান ও আমিনুল ইসলাম। দুজনই বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব।

শেয়ার করুন