২০ এপ্রিল ২০২২
আজকের সিলেট ডেস্ক : চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) দুই লাখ সাত হাজার ৫৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এই অর্থবছরের নয় মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৪৫ দশমিক ৫৬ শতাংশ। আর ব্যয় হয়েছে ৯৮ হাজার ৯৩৪ কোটি ৯২ লাখ টাকা। অর্থাৎ অর্ধেক টাকাও খরচ করতে পারেনি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ। ফলে বাকি তিন মাসে এক লাখ আট হাজার ৬১৬ কোটি খরচ করতে হবে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা সংকটের মধ্যেও আমাদের এডিপি বাস্তবায়ন গতি ভালো। গতবছর এডিপি বাস্তবায়ন হার ছিল ৪১ দশমিক ৯২ শতাংশ যা টাকার অঙ্কে ছিল ৮৭ হাজার ৭৩৫ কোটি। গত বছরের তুলনায় এ বছর বেশি বাস্তবায়ন করেছি। কোভিডের মধ্যেও সরকারের ভালো ব্যবস্থাপনা ছিল। মেহনতি জনগণের পরিশ্রমের ফলে বাস্তবায়ন হার বেশি হয়েছে।
এডিপিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বরাদ্দ ছিল ১৮ হাজার ৪২৬ কোটি টাকা। এখান থেকে চূড়ান্ত এডিপিতে বরাদ্দ কমে দাঁড়াচ্ছে ১৪ হাজার ৮৩৬ কোটি টাকা। ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তিন হাজার ৫৯০ কোটি টাকা কমছে। মেট্রোরেল প্রকল্পে এডিপিতে মোট বরাদ্দ ছিল চার হাজার ৮০০ কোটি টাকা। চূড়ান্ত বা আরএডিপিতে বরাদ্দ কমে দাঁড়াচ্ছে চার হাজার ২৩৩ কোটি টাকা। ফলে ৫৬৭ কোটি টাকা কমছে।
বরাদ্দ ঠিক থাকছে মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টে। এ প্রকল্পে সংশোধিত এডিপিতে বরাদ্দ দেওয়া হচ্ছে ছয় হাজার ১৬২ কোটি টাকা। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ বেড়ে দাঁড়াচ্ছে ছয় হাজার ১৩৮ কোটি টাকা।
এডিপিতে পদ্মাসেতু রেল সংযোগ (প্রথম সংশোধিত) প্রকল্পে বরাদ্দ ছিল তিন হাজার ৮২৩ কোটি টাকা। সংশোধিত এডিপিতে বরাদ্দ বেড়ে দাঁড়াচ্ছে ছয় হাজার ১৩৬ কোটি টাকা। পদ্মাসেতুতে রেল সংযোগের কাজ এগিয়ে নিতে প্রায় দ্বিগুণ ব্যয় বাড়ছে। প্রায় হাজার কোটি টাকা বাড়ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে। এ প্রকল্পে বরাদ্দ বেড়ে দাঁড়াচ্ছে তিন হাজার ৪৭২ কোটি টাকা।