২০ এপ্রিল ২০২২
ক্রীড়া ডেস্ক : জাতীয় দল থেকে ছিটকে পড়ার পর মনেপ্রাণে আবারো বাইশগজে ফিরতে চাইলেও শারীরিক অসুস্থতায় বারবার স্বপ্নভঙ্গ হয়েছে। ব্রেন টিউমারের সঙ্গে তিন বছরের লড়াইয়ে হার মেনে শেষ পর্যন্ত ক্রিকেটার মোশাররফ রুবেলের মিরপুরে ফেরার স্বপ্ন পূরণ হলেও ফিরেছে তার নিথর দেহ।
মঙ্গলবার রাত দশটার দিকে হোম অব ক্রিকেট গ্রাউন্ড খ্যাত শের-ই-বাংলায় ক্রিকেটার মোশাররফ রুবেলের প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
জাতীয় দলের এ ক্রিকেটারকে শেষ বিদায় দিতে মিরপুরে হাজির হয়েছিলেন দেশের ক্রিকেটাঙ্গনের অনেকেই। জানা গেছে, আনুষ্ঠানিকতা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে জাতীয় দলের সাবেক এ ক্রিকেটারকে।
২০১৯ সালে ব্রেন টিউমার ধরা পড়ে ক্রিকেটার মোশাররফ রুবেলের। প্রায় দেড় বছরের চিকিৎসায় সুস্থ হয়ে উঠছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে এমআরআইয়ে জানতে পারেন যে টিউমারটি আবার বাড়তে শুরু করেছে। তারপর থেকে চলছিলো কেমোথেরাপি। তবে সবশেষ গত ১৫ এপ্রিল অবস্থা কিছুটা ভালোর দিকে যাওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন রুবেল। এরপর আবারো ভর্তি হন হাসপাতালে। অতঃপর আজ হাসপাতালেই জীবনের ইনিংস শেষ হলো ৪০ বছর বয়সী রুবেলের। রুবেলের বিদায়ে শোকাতুর বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন সবাই।
জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বন্ধুকে বিদায় জানিয়েছেন এভাবে- ভালো থাকিস বন্ধু…।
টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, দীর্ঘদিনের সতীর্থ ও দেশের অন্যতম সেরা স্পিনার মোশাররফ হোসেন রুবেলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি থাকলো আমাদের সমবেদনা।
এদিকে, আইপিএলে ব্যস্ত থাকা টাইগার পেসার মুস্তাফিজুর রহমানও মোশাররফ রুবেলের মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছেন। শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
অন্যদিকে, বেশি কিছু লেখার ভাষা খুঁজে পাননি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শুধু লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এছাড়া টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও ব্রেন টিউমারের কাছে হার মানা মোশাররফ রুবেলের মৃত্যুশোকে কাতর। বিদেহী আত্মার জন্য জান্নাত প্রার্থনা করেছেন তিনি।
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, পবিত্র রমজান মাসে আমাদের ছেড়ে চলে গেলেন মোশাররফ রুবেল ভাই। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।
এদিকে, এক সময়ের সতীর্থ আব্দুর রাজ্জাক রাজ বন্ধুর মৃত্যুতে লিখেছেন, বন্ধু রুবেল আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে আজ বিকাল ৫ টায়। আমরা সবাই তার জন্য দোয়া করি মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে। আল্লাহ তার পরিবারের ওপর রহমত বর্ষণ করুন।
এছাড়া আরেক সতীর্থ শাহরিয়ার নাফিস লিখেছেন, মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত জাতীয় দলের সাবেক খেলোয়াড় মোশাররফ রুবেল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।