১৫ এপ্রিল ২০২২


গোয়াইনঘাটে তলিয়ে গেছে ৫০০ হেক্টর ফসলি জমি

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : সীমান্তবর্তী গোয়াইনঘাটে বন্যায় হাওর অঞ্চলগুলো প্লাবিত হয়ে গেছে। এতে পাঁচ শতাধিক হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। গত তিন সপ্তাহে এই নিয়ে তিন দফা বন্যা হলো। বার বার বন্যার কবলে পড়ে দিশেহারা কৃষকরা।

জানা গেছে, ভারতের মেঘালয়ে কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত বুধবার মধ্য রাত থেকে উপজেলার সারি ও ডাউকি নদীর পানি বাড়তে থাকে। ঢলের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার পূর্ব জাফলং, মধ্য জাফলং ও আলীরগাঁও ইউনিয়নের ১৭টি গ্রামের নিচু জমি প্লাবিত হয়ে গেছে। এতে পাঁচ শতাধিক হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে।

স্থানীয় এক কৃষক জানান, প্রথম দফা বন্যার ক্ষত শুকাতে না শুকাতেই দ্বিতীয় দফা বন্যা দেখা দেয়। এরপর ওই বন্যার পানি পুরোপুরি না কমতেই তৃতীয় দফায় আবারও বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে জমির ধান তলিয়ে গিয়ে সবই নষ্ট হওযার উপক্রম হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. রায়হান পারভেজ রনি বলেন, ‘পাহাড়ি ঢলে বন্যা দেখা দেয়ায় উপজেলার নিচু এলাকাগুলো প্লাবিত হয়ে পড়েছে। এ পর্যন্ত প্রায় দুইশো হেক্টর বোরো ধান তলিয়ে গেছে বলে খবর পেয়েছি।’

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান বলেন, ‘বন্যা কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেছি। উপজেলার ডাউকি নদীর পানি কিছুটা কমলেও সারি নদীর পানি বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে।’

শেয়ার করুন