১৪ এপ্রিল ২০২২


জগন্নাথপুরে ঝড়ে একই পরিবারের তিন জনের মৃত্যু

শেয়ার করুন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ায় মা ও দুই সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত সন্তানদের বাবা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সোলেমানপুর গ্রামের মৌসুমা বেগম, উনার ৪ বছরের মেয়ে মাহিমা আক্তার (৪) এবং ছেলে মোহাম্মদ হোসাইন (১)।

বৃহস্পতিবার ভোরে উপজেলার পাটলি ইউনিয়নের সোলেমানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মৌসুমার স্বামী হারুন মিয়া নেত্রকোণা এলাকার বাসিন্দা। জগন্নাথপুর উপজেলায় পাটলি সুলেমানপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে তারা থাকতেন।

ইউনিয়নের চেয়ারম্যান আঙ্গুর মিয়া বলেন, ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে। এতে ঘরচাপায় মা মাহিমা আক্তার ও তার দুই সন্তান মোহাম্মদ হোসেন ও মৌসুমি বেগম প্রাণ হারান। দুর্ঘটনায় মাহিমার স্বামী গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ওসি তদন্ত শুশঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর রাতে যখন ঝড় হচ্ছিলো তখন তারা ঘুমে ছিলেন এবং টিনের ঘর হওয়ায় গাছটি টিন ভেঙে তাদের উপর পরে মৃত্যু হয়৷ লাশগুলো ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

শেয়ার করুন