১৩ এপ্রিল ২০২২
ডেস্ক রিপোর্ট : পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরের প্রথম দিন, বাঙালির প্রাণের উৎসবের দিন। করোনা মহামারির ধাক্কা সামলে দুই বছর পর আবারও বাংলা ১৪২৯ সালকে স্বাগত জানিয়ে নতুন বছরের উৎসব উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে সিলেট।
পুরনো বছরের আনন্দ-বেদনা, হাসি-কান্না, সুখ-দুঃখ, জরা-জীর্ণতাকে পেছনে ফেলে আবারও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে স্বাগত জানানো হবে নতুন বছরকে। এছাড়াও রয়েছে নানা বর্ণাঢ্য আয়োজন। তবে এবার পহেলা বৈশাখ পবিত্র রমজান মাসে হওয়ায় বর্ষবরণ উৎসব সীমিত আকারে পালনের উদ্যোগ নিয়েছেন আয়োজকরা।
সিলেটে বর্ষবরণ প্রচলনের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। করোনার কারণে গত দুই বছর নববর্ষের উৎসব ছিল ঘরবন্দী। এ বছর সেই বাধা দূর হওয়ায় খোলা মাঠে ফিরছে উৎসব।
এদিকে, বাংলা নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে নগরীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। রমজান মাসে নববর্ষ উৎসব হওয়ায় এবার বাড়তি নজরদারি থাকবে পুলিশের।
আগামীকাল বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিন। নতুন বছরকে বরণ করে নিতে এদিন নগরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনকে নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসএমপি।
এসএমপির মুখপাত্র ও এডিসি বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, মহানগরের যে সকল জায়গায় বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সেখানে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের বিভিন্ন টিম মাঠে কাজ করবে। প্রতিটি থানায় পুলিশের পেট্রোল টিম বাড়ানো হয়েছে। এছাড়া সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ থাকবে। সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের সাথে থাকবে পুলিশের সদস্যরা।
তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙ্গালিদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এ উৎসবকে ঘিয়ে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সর্বদা সজাগ রয়েছে সিলেট মহানগর পুলিশ। এছাড়া এবার যেহেতু রমজান মাস, তাই রমজানের পবিত্রতা যাতে নষ্ট না হয় ও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেদিকে সর্বোচ্চ সতর্কতা থাকবে।