১০ এপ্রিল ২০২২
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার নতুনপাড়া এলাকার ঝুমা সরকার (৪০) ও তার ছেলে দ্বীপ সরকার (০২)।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নতুনপাড়া এলাকায় বাড়ির পাশে বৈদ্যুতিক খুঁটির তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ঝুমার মেয়ে পূজা সরকার আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ির পাশে টিউবওয়েলে ছেলেকে গোসল করাতে নিয়ে যান ঝুমা। এ সময় রাস্তায় বৈদ্যুতিক তার ছিঁড়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুমা ও তার ছেলের মৃত্যু হয়। এ সময় মায়ের বুকেই ছিল শিশুটি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।