৯ এপ্রিল ২০২২
নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলায় সাহেবের বাজার এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এ পল্লী চিকিৎসক নিহত হয়েছে। নিহত পল্লী চিকিৎসকের নাম নিজাম উদ্দিন (৪০) সাহেবের বাজার ঘোড়ামারা গ্রামের মরহুম বশির উদ্দিনের পুত্র। তিনি দুই কন্যা সন্তানের জনক।
শনিবার ভোর ছয়টার দিকে উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার ঘোড়ামারা গ্রামে রক্তক্ষয়ী এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। আহত সবাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করে জানান, সাহেবের বাজার ঘোড়ামারা গ্রামে দুই একর জমি নিয়ে পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন ও একই এলাকার নয়ন মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে দুই পক্ষের লোকজনেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে ওসমানী মেডিক্যালে প্রেরণ করা হয়েছে।