৭ এপ্রিল ২০২২


পুতিনের দুই মেয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ দেশটির বেশ কয়েকজন রাজনৈতিক ও সামরিক ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে এই নিষেধাজ্ঞা জারি করে হোয়াইট হাউস।

এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়- রুশ প্রেসিডেন্ট পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা টিখোনোভাসহ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রী-মেয়ে, রুশ নিরাপত্তা কাউন্সিলের সদস্য এবং অভিজাত রুশ নাগরিকদের নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক আলফা ও আর্থিক প্রতিষ্ঠান সাবের ব্যাংকও রয়েছে।

এতে বলা হয়- এসব ব্যক্তিবর্গ রুশ জনগণের টাকায় নিজেদের সমৃদ্ধ করেছেন। তাদের মধ্যে অনেকে আবার ইউক্রেনে রুশ হামলাকে সমর্থন করছে। তাই এই নিষেধাজ্ঞা জারি করা হলো।

যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা বলেন, আমাদের ধারণা রুশ প্রেসিডেন্টের সম্পত্তির অনেকটাই পরিবারের সদস্যদের নামে করা রয়েছে। তারা বেনামে লেনদেন করে। তাই তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে লক্ষ্যবস্তু বানানো হলো এবার।

অন্যদিকে রাশিয়ার বৃহত্তম সরকারি এবং বেসরকারি দুই ব্যাংক- বার ব্যাংক এবং আলফা ব্যাংককেও ‘ব্লক’ করেছে হোয়াইট হাউস। এছাড়াও রাশিয়ার যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক ও প্রতিষ্ঠানকে নতুন করে ইনভেস্ট করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিয়েছে জো বাইডেন প্রশাসন। এছাড়া অন্যান্য রুশ সংস্থার ওপরও নিষেধাজ্ঞা চাপাতে পারে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে রুশ সৈন্যরা বুচা শহরে যুদ্ধাপরাধ করেছে বলে ইউক্রেনের অভিযোগের ভিত্তিতে বুধবার রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কথা জানায় পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছিলো জি সেভেন ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে আলোচনা করে এ নিষেধাজ্ঞা দেয়া হবে। মানে ইউরোপেও নিষেধাজ্ঞার কবলে পড়লেন পুতিনের মেয়েরা।

ভ্লাদিমির পুতিন বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের প্রেসিডেন্ট হলেও নিজের পরিবার নিয়ে সব সময় গোপনীয়তা রক্ষা করে চলেন তিনি। ফলে তার মেয়েদের সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না।

মারিয়া ভরোন্তোসভা হলেন ভ্লাদিমির পুতিনের বড় মেয়ে। বর্তমানে তার বয়স ৩৫। তিনি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় থেকে বায়োলজি বা জীববিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন। এরপর তিনি স্টেট বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন। তিনি বর্তমানে এন্ডোক্রিনোলজিস্ট হিসেবে কাজ করছেন এবং মেডিসিন বিদ্যায় ক্যারিয়ার গড়েছেন। মারিয়া নেদারল্যান্ডসের ব্যবসায়ী জোরিত ফাসেনকে বিয়ে করেছেন। ধারণা করা হয় তাদের সন্তানও রয়েছে।

অন্যদিকে পুতিনের ছোট মেয়ে ক্যাটেরিনা টিখোনোভার বর্তমান বয়স হলো ৩৪। তিনি রক এন রোল নামে বিশেষ একটি নাচের নৃত্যশিল্পী ছিলেন। বর্তমানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করেন। ইনোপ্রাকতিকা নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক তিনি। এই প্রতিষ্ঠানটির ১.৭ বিলিয়ন ডলারের সম্পত্তি আছে। ক্যাটরিনা বিয়ে করেছিলেন রাশিয়ার সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার কিরিল সামালোভকে। যদিও ক্যাটরিনা ও সামলোভের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে।

প্রেসিডেন্ট পুতিন তার দুই মেয়ের কাউকে প্রকাশ্যে আনেননি এমনকি মেয়েদের নিয়ে খুব কম কথাও বলেন তিনি। তবে তার দুই মেয়ে বিশ্বব্যাপী এতোটা পরিচিত না হলেও তারা দুইজনই রাজকীয় জীবন যাপন করেন।

শেয়ার করুন