৭ এপ্রিল ২০২২


চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : কেউ করছে রং তুলির কাজ, কেউ টানছে বাঁশ আবার কেউ বা করছে দৃষ্টিনন্দন ছবি আঁকার কাজ। তাদের এসব কাজে মুখরিত এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে এখানে এখন জোর প্রস্তুতি চলছে।

সরেজমিনে চারুকলা ‍অনুষদে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। এ দৃশ্য কর্মব্যস্ততার। মঙ্গল শোভাযাত্রার ৭ দিন বাকী থাকলেও তার আগে সব ধরণের প্রস্তুতি সারতে এখানকার শিল্পী ও কলাকুশলীদের এখন যেন দম ফেলার সময় নেই।

সরেজমিনে আরো দেখা যায়, চারুকলার শিল্পীদের কেউ বানাচ্ছেন কাগজের পাখি, কেউবা বাঘ, রাজা, রানি বানাচ্ছেন। এভাবে ভিন্ন ভিন্ন শিল্পীরা ভিন্ন ভিন্ন নিখুঁত হাতের কারুকাজ করছেন। তাদের এসব কাজের মধ্য দিয়ে কোলাহলপূর্ণ রয়েছে চারু শিল্পীদের এই প্রাঙ্গণ। কাজের ফাঁকে ফাঁকে গল্প-আড্ডায় মেতেও উঠেছেন নবীন ও প্রবীণ শিল্পীরা।

এদিন চারুকলার লিচুতলা অংশে গিয়ে দেখা যায়, এ যেন বড় বড় বাঁশের অবয়বের দৃষ্টিনন্দন সাজ। কোনটির অবয়ব পাখি হবে বোঝা গেলেও আবার কিছু অবয়ব এখনো পুরোপুরি স্পষ্ট নয়। এগুলোর আরো কিছু কাজ সম্পন্ন হলে সেটিও স্পষ্ট হবে বলে জানান শিল্পীরা।

এ বিষয়ে এখানে কর্মরত শিল্পী ও চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী আনিসুজ্জামান ফারুকী বলেন, গ্রাম-বাংলার ঐতিহ্যের টেপা পুতুল তৈরি করা হচ্ছে বাঁশ দিয়ে। এটা ১৬ ফিটের আশপাশে হতে পারে। বাঁশের গঠন কাজ শেষ হয়ে গেলে তারপর কাগজে মুড়িয়ে রং তুলিতে সাজিয়ে তোলা হবে।

এদিন চারুকলার ভেতরের এক ঘরে অংকনে মেতে ছিলেন এক দল শিক্ষার্থী। কথা হয় তাদের সঙ্গে। এসময় ড্রইং অ্যান্ড পেন্টিং বিভাগের শিক্ষার্থী আনিসা ইসলাম বিবার্তাকে বলেন, মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে আমরা এখন খুব ব্যস্ত সময় পার করছি। আমাদেরকে গ্রুপ ভিত্তিক কাজ ভাগ করে দেয়া হয়েছে। আমরা রং তুলির কাজ করছি। তবে এ কাজ করতে গিয়ে আমরা একটুও বিরুক্ত হচ্ছি না। কারণ, প্রতিবছর আমাদের চারুকলার কাজ দেখতে হাজারো মানুষের ভিড় হয়। এটা আমাদের বিশাল প্রাপ্তি।

জয়নুল গ্যালারিতেও দেখা যায়, আরেক দৃষ্টিনন্দন দৃশ্য। এখানে যেন রঙিনের ছড়াছড়ি। নানা রং দিয়ে বিচিত্র সাজের নানা ধরণের মুখোশও তৈরি হচ্ছে এখানে।

এখানে কর্মব্যস্ত সময় পার করা চারুকলা অনুষদের ২২তম ব্যাচের শিক্ষার্থী ঊষা খন্দকার বিবার্তাকে বলেন, খুব উৎসাহ-উদ্দীপনা নিয়ে আমরা কাজ করছি। আশা করি, নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা পুরোপুরি প্রস্তুত হতে পারবো।

আয়োজকরা জানায়, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিপর্বের উদ্বোধন করা হয়। এরপর যতই দিন গড়িয়েছে ততই প্রস্তুতির কাজ জোরালো হচ্ছে। আর এবারের শোভাযাত্রার আয়োজন করছে চারুকলা অনুষদের ২২তম ও ২৩তম ব্যাচের শিক্ষার্থীরা। আগামী বুধবার চৈত্র সংক্রান্তির শেষ দিনের আগে সব ধরণের প্রস্তুতি শেষ করে ১৪ এপ্রিলের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে চারুকলা,এমনটাই স্বপ্ন আয়োজকদের।

তারা আরো জানায়, এবারের মঙ্গল শোভাযাত্রার থিম এখনো ঠিক করা হয়নি। তবে খুব শীঘ্রই এ বিষয়টি ঠিক করা হবে। এরপরই আরো জোরালো ভাবে কাজ শুরু হবে।

শেয়ার করুন