৬ এপ্রিল ২০২২


বিএনপি নেতা ইশরাক গ্রেপ্তার

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গত নির্বাচনে মেয়র প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেনকে রাজধানীর মতিঝিল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দুপুরে ইশরাকের ব্যক্তিগত একান্ত সচিব সুজন মাহমুদ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণ করার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় শ্রমিক দল এই কর্মসূচির আয়োজন করেছিল। ঘটনাস্থল থেকে পুলিশ তাকে তুলে নেয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, সাড়ে ১১টার দিকে দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণকালে মতিঝিলি থেকে ইশরাক হোসেনকে আটক করা হয়। বর্তমানে তিনি মতিঝিল থানায় আছেন। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা জানাতে পারেননি এই বিএনপি নেতা।

মতিঝিল থানার ওসি ইয়াসির আরাফাত বলেন, ২০২০ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় আদালত থেকে তার পরোয়ানা জারি ছিল। এর ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করেছি। পরোয়ানার বিষয়টি ইশরাক হোসেন নিজেও জানেন।

প্রসঙ্গত, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নম্বর সদস্য। ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ইশরাক বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ছিলেন।

শেয়ার করুন