৫ এপ্রিল ২০২২
বিনোদন ডেস্ক : বর্তমান ছোট পর্দার অন্যতম জনপ্রিয় জুটি জোভান ও তানজিন তিশা। একই ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন তারা। পরিচয় নেই একে অপরের সঙ্গে। তিশাকে ট্রেনে কাঁদতে দেখে পাশে গিয়ে কারণ জানতে চান জোভান। আর এতেই রেগে যান তিশা।
এমন এক অদ্ভুত প্রেমের গল্প নিয়ে তৈরি হলো ঈদের বিশেষ নাটক ‘লাভ ট্রিপ’। সোহাইল রহমানের রচনায় এটির চিত্রনাট্য করেছেন মহিদুল মহিম ও সোহাইল রহমান। নির্মাণ করেছেন মহিদুল মহিম।
‘লাভ ট্রিপ’ নাটকে জোভান অভিনয় করছেন মঈন চরিত্রে আর তানজিন তিশাকে পাওয়া যাবে সুরভী হিসাবে। যিনি প্রেমিকের টানে ঢাকা থেকে চট্টগ্রাম ছুটে যান।
নির্মাতা মহিম বলেন, এটা ট্রাভেল ঘরানার লাভ স্টোরি। গল্পের নায়িকা ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা-মোবাইল সব খোয়ান। তার এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন সহযাত্রী নায়ক। এটা জাস্ট গল্পের শুরু। মাঝে ও শেষে অনেকগুলো বাঁক আছে এতে। মঈন ও সুরভী চরিত্রে জোভান-তিশা দারুণ অভিনয় করেছেন। আমার বিশ্বাস ঈদের অন্যতম রোমান্টিক নাটক হতে যাচ্ছে এটি।
নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী জানান, এবারের ঈদে এক্সক্লুসিভ আয়োজনে নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।