৩০ মার্চ ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধি : টেন্ডার ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের বহিষ্কৃত সাবেক সভাপতি এহসান আহমেদ উজ্জ্বলসহ পাঁচজনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরের দিকে সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।
জানা গেছে, সুনামগঞ্জ সদর হাসপাতালে টেন্ডার ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় যুবলীগের বহিষ্কৃত সাবেক সভাপতি উজ্জ্বল, শাওন মাহমুদ, তাজুল ইসলাম, রিগান আহমদ ও হামিদুর রহমান ওরফে লিপন নিয়মিত হাজিরা দিয়ে আদালতে জামিন চাইতে গেলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এ সম্পর্কে আদালতের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম বলেন, টেন্ডায় ছিনতাই মামলাটি দ্রুত বিচার আইনে করা, এতোদিন আসামিরা পুলিশ রিপোর্ট পেশ করার আগ পর্যন্ত জামিনে ছিলেন। বুধবার সেই মামলার শুনানির দিন তারা জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল তুহিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। তবে পুলিশ রিপোর্ট জমা দিয়ে দেওয়ায় তারা আবারও জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।