১৬ ডিসেম্বর ২০১৭


‘দেশপ্রেমে পতাকা বিক্রি করি’

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : বিজয়ের মাস ডিসেম্বরে মানুষ বাড়ির ছাদে, গাড়ির সামনে জাতীয় পতাকা টানিয়ে রাখে। ১৬ ডিসেম্বর সব অফিস ও প্রতিষ্ঠানে টানানো হয় জাতীয় পতাকা। তাই বিজয়ের মাসে লাল সবুজের জাতীয় পতাকার চাহিদা থাকে বেশি। বিজয়ের মাসকে ঘিরে ধুম পড়ে জাতীয় পতাকা বিক্রির। কয়েক ফুট লম্বা বাঁশের ওপর থেকে নিচ পর্যন্ত পর্যায়ক্রমে বড় থেকে ছোট আকারের পতাকা সাজিয়ে পথে পথে ঘুরে পতাকা বিক্রি করছেন মৌসুমি ব্যবসায়ীরা।

সরেজমিন দেখা যায়, গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার চৌমুহনীতে দাঁড়িয়ে লাল সবুজের পতাকা বিক্রিতে ব্যস্ত রয়েছে মাথা পতাকা পরিহিত এখলাছ আহমদ (২৫) নামের এক যুবক। তার সঙ্গে পতাকা বিক্রিতে সাহায্য করছে শাহিন আহমদ (৮) নামের এক শিশু। শুধু পতাকা নয়, মাথায় ও হাতে বাঁধতে লাল-সবুজের ব্যাচ, বাচ্চাদের জন্য প্লাস্টিকের হাতলসহ পতাকাও বিক্রি করছেন । আকার ভেদে একেকটি পতাকা ২০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত। আর ব্যাচ বিক্রি হয় ১০ টাকা করে।

এখলাছ জানায়, তার গ্রামের বাড়ি বি.বাড়িয়ার সদর থানার মইন্দতে। তার পিতার নাম মখলিছুর রহমান। অভাবের কারণে ঠিকভাবে লেখাপড়া করতে পারেননি তিনি। পড়াশোনা বেশি না জানায় চাকরি কোন চাকরিও করতে পারেননি। পরে সংসার চালাতে পতাকা বিক্রির পেশা বেছে নেন। গত ১০ বছর ধরে সিলেট শহরের বিভিন্ন উপজেলা গ্রাম, পাড়া থেকে মহল্লার পথে ঘুরে ঘুরে পতাকা বিক্রি করছেন। সেই আয় দিয়ে কোনো রকমে সংসার চালিয়ে নিচ্ছেন। এখলাছ আরও জানায় শুধু জীবিকার জন্য নয়, দেশ প্রেমে লাল সবুজের পতাকা বিক্রি করি। পতাকা বিক্রি করে আনন্দ পান তিনি। কারণ এটি দেশের গর্ব। লাল সবুজের পরিচয় এই পতাকা।

তার কাছে আসা ক্রেতা আফিক উদ্দিন বলেন, তার ছোট ছেলেমেয়ের জন্য লাল-সবুজের ব্যাচ কিনেছেন। তাদের মধ্যে দেশপ্রেম জাগাতে এই বেচাকেনা।

(আজকের সিলেট/১৬ ডিসেম্বর/এসটি/ঘ.)

শেয়ার করুন