১৪ মার্চ ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় জনিক মিয়া (২৫) নামে বাংলাদেশি এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত জনিক মিয়া শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া গ্রামের জিলু মিয়ার ছেলে।
সোমবার সকালে উপজেলার ভাঙ্গারঘাট কোয়ারি জিরো পয়েন্টে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার আগে তিনি মারা যান।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে জনিক মিয়া বড়ছড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। পরে সেখানকার লোকজন চোর সন্দেহে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। আজ সকালে জিরো পয়েন্টের ভাঙ্গারঘাট কোয়ারি নামক স্থানে ফেলে রেখে যায়। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ও নুর মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার জানান, বিষয়টি এখনও কেউ পুলিশকে জানায়নি। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাহবুবুর রহমান জানান, ‘এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে তিনি মারা গেছেন কি-না, এখনও খবর পাইনি।’