১৪ মার্চ ২০২২
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে আক্রমণ তীব্র করেছে রুশ বাহিনী। ইতোমধ্যে পোল্যান্ড সীমান্তবর্তী লভিভের এক সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটি। এমন সংকটময় পরিস্থিতিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জোরদারে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রবিবার এই দুই নেতার মধ্যে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ।
বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নেওয়া নিষেধাজ্ঞা আরও জোরালো করা হবে। তবে কোন কোন নিষেধাজ্ঞা জোরালো করা হবে, এ বিষয়ে বিস্তারিত জানায়নি এলিসি প্রাসাদ।
ম্যাক্রোঁ এবং বাইডেন ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। এছাড়াও যুদ্ধ শেষ করার চেষ্টা চালিয়ে যাবেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে ইরপিন শহরে মার্কিন সাংবাদিক ব্রেন্ট রেনাডকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন ম্যাক্রোঁ। রুশ সেনারা তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে দাবি কিয়েভের পুলিশ প্রধান আন্দ্রি নেবিতোভের।
যুদ্ধ বন্ধে এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিকবার আলোচনা করেন ফরাসি প্রেসিডেন্ট। তাতে কাজের কাজ কিছুই হয়নি। ফলে মস্কোর ওপর নিষেধাজ্ঞা জোরদারের পথেই হাটছে পশ্চিমারা।