৮ মার্চ ২০২২
আজকের সিলেট ডেস্ক : নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশ থেকে আবারো আলু আমদানি শুরু করতে যাচ্ছে রাশিয়া। ঢাকায় রুশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর ভেটেরিনারি অ্যান্ড ফাইটোস্যানিটারি সার্ভিলেন্স বাংলাদেশ থেকে আলু আমাদনির আগের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। এখন পুনরায় আমদানি চালু করতে চায় মস্কো।
ইউক্রেন যুদ্ধের এ সময়ে দেশটির এ সিদ্ধান্তের ফলে ২০১৫ সালের পর রাশিয়ায় বাংলাদেশের আলু রফতানির বাধা কাটল। ২০১৫ সালে সবশেষ রাশিয়ায় গিয়েছিল ২০ হাজার টন বাংলাদেশি আলু। দেশটির নিষেধাজ্ঞার কারণে পরে সেটি বন্ধ হয়ে যায়।
রুশ দূতাবাস বলছে, বাংলাদেশের উদ্ভিদের কোয়ারেন্টিন ও সুরক্ষার দায়িত্বে থাকা যথাযথ কর্তৃপক্ষের তথ্যের উপর ভিত্তি করে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। এতে রাশিয়া ও ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের ‘ফাইটোস্যানিটারি’ বিষয়ক শর্তভঙ্গ না করার বিষয়ে পদক্ষেপের কথা বলা হয়েছে।
সাম্প্রতিক সময়ে আলু আমদানির উপর নিষেধাজ্ঞা উঠাতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়ে আসছিল সরকার। এ নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নিষেধাজ্ঞা তুলতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান।
২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ মোট ১ লাখ ১০ হাজার টন আলু রফতানি করে। এখন বছরে রফতানির পরিমাণও কম-বেশি এক লাখ টন।