৬ মার্চ ২০২২
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি এক তরুণকে পিটিয়ে খুন করেছে ইয়েমেনী একদল তরুণ। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে জেদ্দা পুলিশ। নিহতের নাম তুহিন আহমেদ (২২)। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রমজানপুর গ্রামের মৃত তারেক আহমেদের ছেলে। তুহিন ও তার মা জেদ্দায় থেকে সেখানে কাজ করতেন। একসঙ্গে ৭-৮ জন খাবার খেতে বসার পর ঝগড়ার জেরে হত্যাকাণ্ড ঘটে বলে খুন হওয়া তরুণের সহকর্মীরা জানিয়েছেন।
ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. গোলাম হায়দার বিষয়টি নিশ্চিত করে জানান, তুহিন জেদ্দায় একটি সুপার শপে কাজ করতেন। শুক্রবার রাতে একটি মেস বাসায় ইয়েমেনী ৭-৮ জন যুবকের সঙ্গে খেতে বসেন তিনি (তুহিন)। এ সময় কথা কাটাকাটির জেরে তুহিনকে পিটিয়ে আহত করে যুবকরা। আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর জেদ্দা পুলিশ হত্যাকাণ্ডে জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে।
তিনি আরও জানান, তুহিনের মা প্রায় আট বছর আগে ও তুহিন পাঁচ বছর আগে সৌদি আরবের জেদ্দায় গিয়েছিলেন। দু’জন আলাদা বাসায় থেকে সেখানে উপার্জন করতেন।