২৭ ফেব্রুয়ারি ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে উজির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এসআই দেবাশীষ সুত্রধরকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে।
রোববার সকালে দিরাই থানার ওসি আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই দেবাশীষ শান্তিগঞ্জ থানা থেকে বদলি হয়ে গত বুধবার দিরাইয়ে এসেছিলেন। শনিবার আবার সুনামগঞ্জে চলে গেছেন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ জানান, উজির মিয়ার মৃত্যুর অভিযোগে এসআই দেবাশীষ সুত্রধরকে ক্লোজড করে সুনামগঞ্জ পুলিশলাইনে সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি রাতে উজির মিয়াকে গ্রেফতারের সময় এসআই দেবাশীষ সুত্রধর, এসআই পার্ডন কুমার সিংহ ও এএসআই আক্তারুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উজির মিয়াকে মারধরের অভিযোগ তুলেছে পরিবার। গ্রেফতারের সময় উজির মিয়ার মাথায় আঘাত করেছেন বলে এসআই দেবাশীষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।