২৬ ফেব্রুয়ারি ২০২২
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে দিলদার মিয়া (৩৫) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। নিহত দিলদার কিশোরগঞ্জের রামদিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তাঁরা দীর্ঘ দিন ধরে সপরিবারে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (ঈশানকোনা) গ্রামে বসবাস করে আসছেন। দিলদার ৩ সন্তানের জনক।
শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিলদার মিয়া প্রতিদিনের মত শুক্রবার রাত ৮ টার দিকে স্ত্রী-সন্তানদের সাথে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত ১১টার দিকে তাঁর ছোট মেয়ের চিৎকারে পরিবারের সবাই এসে দেখতে পান দিলদার বশত ঘরের তীরের সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত রয়েছেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
দিলদারের ভাই মিনার মিয়া বলেন, আমার ভাইয়ের সাথে কারো কোন শত্রুতা নাই। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার জিন্নাত আলী বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি। পরিবারের দাবি সে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।