১৪ ডিসেম্বর ২০১৭


কমলগঞ্জে ধান ও সবজির ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষকরা

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : বৈরী আবহাওয়া আর অসময়ে তিন দিনের টানা বৃষ্টিপাতে ধান, গবাদি পশুর খাবার খড়, আলুসহ শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। নিম্নচাপের কারণে শুক্রবার রাত থেকে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতে এসব ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ কৃষকরা জানিয়েছেন। বছরজুড়ে বৃষ্টি, বন্যা, জলাবদ্ধতায় ধাপে ধাপে ক্ষতিগ্রস্ত কৃষকরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।

ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, চলতি আমন মৌসুমে মাঠ থেকে পাকা ধান কাটার মহোৎসবে মেতে উঠেন। কৃষকরা মাঠ থেকে প্রায় ষাট শতাংশ ধান কেটে বাড়িতে নিয়ে এসেছেন। কেউ ধান মাড়াই দিয়েছেন, কেউ মাড়াই দেয়ার অপেক্ষায় আছেন। অগ্রহায়ণ মাসের শেষ সময়ে কৃষকরা মাঠ থেকে ধান কাটা ও ঘরে তোলা নিয়ে যখন ব্যস্ত, ঠিক এই সময়ে অসময়ের টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা। তিন দিনের টানা বৃষ্টিতে ধানে জটলা বেঁধে দুর্গন্ধ দেখা দিয়েছে। ঘরে, উঠানে ও খলায় ধান এবং গবাদি পশুর খাবারের মাড়াই করা ধান গাছের খড় নষ্ট হচ্ছে বলে কৃষকরা জানিয়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর আমন ফসলের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১৭ হাজার ২শ’ হেক্টর। ইতিমধ্যে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ ধান কাটা হয়েছে। তাছাড়া প্রায় সতেরশ’ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি আবাদ হয়েছে। তবে অসময়ে অবিরাম বর্ষণের কারণে কিছু আমন ফসল ও শাকসবজি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শমশেরনগরের কৃষক সিদ্দিকুর রহমান, হাজীপুরের শওকত আলী, মইনুল ইসলাম মিনার, আব্দুল হান্নান প্রমুখ বলেন, এ বছর বৃষ্টিপাত, বন্যা আর জলাবদ্ধতায় কৃষকরা বোরো, আউশ ক্ষেতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন আমন ফসল ঘরে তোলার এই অসময়ে বৃষ্টিপাতের ফলে জমিতে থাকা ধান গাছ মাটিতে শুয়ে পড়ছে। বৃষ্টির পানির সাথে গাছ থেকে ধান ঝরে পড়ছে। নিচু জমিতে পানি জমায় ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ধান কাটার পর মাড়াই দেয়া ও সিদ্ধ করা ধান ঘরে থাকায় সেগুলোতেও দুর্গন্ধ ছড়াচ্ছে।

কৃষক ফয়জুর রহমান ফজির বলেন, টানা বৃষ্টিতে আলু চাষে মারাত্মক ক্ষতি হয়েছে। এছাড়াও টমেটো, ফরাস, সরিষা, পুঁইশাক, লাল শাক, লাই শাকসহ শীতকালীন শাকসবজিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধাপে ধাপে ফসল ও সবজি ক্ষেতে ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন।

কমলগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা গোপাল দেব বলেন, বৈরী আবহাওয়ার কারনে চতুর্দিকে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কাটা ধান ও আলুসহ শাকসবজির ক্ষতি সাধন হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামসুদ্দীন আহমদ বলেন, এখন শুষ্ক মৌসুমে নিম্নচাপজনিত কারণে টানা বৃষ্টিপাতে কৃষকদের কিছু আমন ধান ও কিছু শাকসবজি ক্ষতিগ্রস্ত হবে।

(আজকের সিলেট/১৪ ডিসেম্বর/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন