৫ ফেব্রুয়ারি ২০২২
ক্রীড়া ডেস্ক : দ্বিতীয় বিভাগের দল মিডলসবোরোর বিপক্ষে লড়াই। এফএ কাপে এমন একটা ম্যাচ সহজেই জেতার কথা ম্যানচেস্টার ইউনাইটেডের। বিশেষ করে দলে যখন আছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো একজন মহাতারকা। সেই রোনালদোই পেনাল্টি মিস করে বসলেন কাল। পেনাল্টি স্পেশালিস্টের এমন মিসের পরও অবশ্য জেতার সুযোগ ছিলো দলটির। কিন্তু শেষমেশ পেনাল্টি শুটআউটে রোনালদোর দল হেরে বসেছে ৮-৭ গোলে। দ্বিতীয় বিভাগের দলের কাছে এই হারের ফলে এফএ কাপ থেকে বিদায়ঘণ্টাও বেজে গেল রোনালদোদের।
নিজ মাঠ ওল্ড ট্রাফোর্ডে রোনালদো-ফার্নান্দেসদের নিয়েই মাঠে নামে রাংনিকের দল। প্রতিপক্ষ লিগে দ্বিতীয় সারির দল মিডলসব্রো বলেই মনে হয় ততটা চিন্তায় ছিলেন না ম্যানইউ বস। কিন্তু এই মিডলসব্রোই ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠে যায়।
ম্যাচে বল দখল এবং সট নেয়াতে এগিয়ে থাকলেও পুরো ১২০ মিনিটে মিডলসব্রোর জালে মাত্র এক গোল দিতে পারে ইউনাইটেড। ৭১ শতাংশ বল ছিলো ইউনাইটেডের খেলোয়াড়দের পায়ে। অপরদিকে মিডলসব্রোর পোস্টে লক্ষ্য করে ৩০ শট নেয় ইউনাইটেড। তবে তাতেও ব্যর্থ তারা।
ম্যাচের ২০ মিনিটেই পেনাল্টি পেয়ে যায় ইউনাইটেড। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় রোনালদো। তবে তার পাঁচ মিনিট পরই দলকে এগিয়ে দেন জেডন সাঞ্চো। ব্রুন ফার্নান্দেসের পাস থেকে গোল করেন তিনি। তবে এরপর প্রথমার্ধে আর গোল করতে পারেনি ইউনাইটেড।
উল্টো দ্বিতীয়ার্ধে দলকে সমতায় ফেরান মিডলসব্রোর মিডফিল্ডার ম্যাট কুক। সেই গোলের পর ম্যানইউ অনেক চেষ্টা করেও গোল করতে পারেনি। ফলে নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।
এরপর আরো ৩০ মিনিট খেলা হলেও কোনো গোল করতে পারেনি দুই দল ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে দুই দলই প্রথম সাতটি পেনাল্টিতে গোল করতে সক্ষম হয়। কিন্তু মিডলসব্রো তাদের অষ্টম পেনাল্টিতে গোল করতে পারলেও ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ খেলোয়াড় এলাঙ্গা গোল করতে পারেনি। তাতেই জয় পেয়ে যায় মিডলসব্রো।
এদিকে এফএ কাপে সব বড় দল মাঠে নামছে। সন্ধ্যা সাড়ে ৬টায় চেলসি খেলবে প্লাইমাউথের বিপক্ষে। টটেনহামের প্রতিপক্ষ ব্রাইটন আর ম্যানচেস্টার সিটি নামবে ফুলহ্যামের বিপক্ষে।