৩০ জানুয়ারি ২০২২


ওসমানীনগরে ইউপি নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নিয়ে শঙ্কা!

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : রাত পোহালেই ওসমানীনগরে ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে। ওসমানীনগরে ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্ব্দ্বিদ্বতা করছেন ৩৪ জন প্রার্থী। নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসী অধ্যুষিত ওসমানীনগরে বিপুলসংখ্যক প্রবাসী -যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশে এসেছেন। ওসমানীনগরে ৮টি ইউনিয়নের নির্বাচনে ১৭ জন যুক্তরাজ্য প্রবাসী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা হাট বাজার ও গ্রাম গঞ্জে নির্বাচনী প্রচারণায় চালিয়েছেন প্রার্থীরা। রোববার দিবাগত রাত ১২ টা পর্যন্ত ছিল প্রচারনার শেষ সময়।

ওসমানীনগর উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সমর্থকের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। ভোট গ্রহণের দিনও হামলার আশঙ্কা অনেকের। অনেক প্রার্থী ইতোমধ্যে থানায় অভিযোগও করেছেন। করেছেন সংবাদ সম্মেলন। নির্বাচন উপলক্ষ্যে ১৬৩টি বৈধ আগ্নেয়াস্ত্র প্রশাসন জমা না নেয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রার্থী ও সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনায় অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহারের আশঙ্কা রয়েছে।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা (জেএম) শাখা সুত্রে জানা যায়, ওসমানীনগর উপজেলার ১৬৩ ব্যক্তির নামে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৮ ইউনিয়নের মধ্যে উমরপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী এইচএম রায়হান আহমদ (ঘোড়া), মো. আব্দুল হাকিম (মোটরসাইকেল), সুজাউর রহমান সুজা (আনারস), আ’লীগ প্রার্থী মো. গোলাম কিবরিয়া (নৌকা)।

সাদীপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া (ঘোড়া), সাহেদ আহমদ ভিপি মূছা (নৌকা)।

গোয়ালাবাজার ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুছ শেখ (মোটর সাইকেল), বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মানিক (ঘোড়া), আ’লীগ প্রার্থী সাবেক চেয়ারম্যান পীর মজনু মিয়া (নৌকা)।

তাজপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইমরান রব্বানী (মোটর সাইকেল), অরোনদয় পাল ঝলক (আনারস), এম ইউসুফ আলী (চশমা), সৈয়দ এনামুল হক (ঘোড়া), আ’লীগ প্রার্থী ফয়ছল হোসেন ভিপি সুমন (নৌকা)।

দয়ামীর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন (মোটর সাইকেল), সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ নুনু (আনারস), মোঃ জমির আলী (ঘোড়া), উস্তাার মিয়া (চশমা), আ’লীগ প্রার্থী মোঃ হিরন মিয়া (নৌকা)। উসমানপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ মিছবাহ (মোটর সাইকেল), বর্তমান চেয়ারম্যান ময়নুল আজাদ ফারুক (আনারস), শাহ্ জাকির আহমদ (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী জুবায়ের আহমদ (হাত পাখা), আলীগ প্রার্থী ওয়ালী উল্লাহ বদরুল (নৌকা)।

বুরুঙ্গাবাজার ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মোজাহিদুল ইসলাম (আনারস), সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান (চশমা), সমজুল হক আলকাছ (ঘোড়া), সুরমান হোসাইন (মোটর সাইকেল), আ’লীগ প্রার্থী আখলাকুর রহমান (নৌকা)।

পশ্চিম পৈলনপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল হাফিজ এ মতিন গেদাই (ঘোড়া), গোলাম রব্বানী চৌধুরী সুমন (আনারস), বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী প্রভাষক হাফিজ মাও.মুহাম্মদ জুবায়ের আহমদ (দেওয়াল ঘড়ি), বাংলাদেশ ইসলামী আন্দোলন প্রার্থী রাজন আহমদ (হাত পাখা), আ’লীগ প্রার্থী আব্দুল হান্নান (নৌকা) প্রতীক।

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বুরুঙ্গা ইউপির বাসিন্দা মতছির চৌধুরী জনি বলেন, আমরা প্রবাস থেকে এসেছি নির্বাচনে ভোট দিতে এবং ভোট উৎসবে অংশ গ্রহন করতে।

৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের তফসিল অনুযায়ী গত ৩ জানুয়ারী উপজেলার ৮ ইউনিয়নে চেয়ারম্যান মেম্বার ও মহিলা মেম্বার ৪শ ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ৬ জানুয়ারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ১৩ জানুয়ারী মনোনয়ন প্রত্যাহারের দিন ৯ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। ১৪ জানুয়ারী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। আগামিকাল সোমবার ৩১ জানুয়ারী উপজেলার ৮ ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ওসমানীননগর উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েছ দুলাল বলেন, ৮টি ইউনিয়নের ৭৮টি কেন্দ্রের মধ্যে কোন কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয়, আবার সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।

ওসমানীনগর থানার ওসি এমএম মাইন উদ্দিন বলেন, ইউপি নির্বাচন উপলক্ষ্যে বৈধ আগ্নেয়াস্ত্র থানায় জমা নেয়ার সরকারি কোনো নির্দেশ নেই। এ কারণে বৈধ আগ্নেয়াস্ত্র জমা নেয়া হয়নি। তবে বৈধ (লাইসেন্সধারী) আগ্নেয়াস্ত্রের মালিকদের ডেকে নিয়ে অস্ত্র পরীক্ষা করা হয়েছে। এছাড়া মালিকদের প্রয়োজনীয় ব্রিফিং ও জনসচেতনামূলক কাজ আমরা ইতোমধ্যে করেছি। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

শেয়ার করুন