২৪ জানুয়ারি ২০২২
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর পেরিয়ে গেছে ১৪ ঘন্টারও বেশি সময়। এর মধ্যে রাতের সময়টুকু তিনি প্রায় অন্ধকারে কাটিয়েছেন। এরপর আজ ভোরের আলো ফোটার পর থেকে শেষ হয়েছে তাঁর অন্ধকারের ক্ষণ। এদিকে, এপর্যন্ত ২০জন অনশনরত শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রোববার রাত পৌনে ৮টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শাবি উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এতে অন্ধকারে ছেয়ে যায় উপাচার্যের বাসভবন।পরে অবশ্য জরুরি ব্যবস্থায় প্রয়োজনীয় বিদ্যুৎ পেয়েছেন তিনি।
সোমবার সকাল থেকে আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। তাঁর বাসা ঘিরে রাখা হয়েছে। শুধুমাত্র পুলিশ সদস্য ছাড়া আর কাউকে তাঁর বাসায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। উদ্ভূত পরিস্থিতিতে শাবির আন্দোলন স্থিমিত হওয়ার কোনো লক্ষণ যেন দেখা যাচ্ছে না।
এদিকে, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশনকারী ২০ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদেরকে সিলেটের তিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল পৌনে ১১টা পর্যন্ত ২০ জন শিক্ষার্থী হাসপাতাল ভর্তি আছেন বলে জানা যায়। এখন ৮ জন অনশনকারী শিক্ষার্থী ভিসির বাস ভবনের সামনে অবস্থান করছেন। সর্বশেষ গুরুতর অসুস্থ হয়ে আরও ৪ জন হাসপাতালে ভর্তি হয়। এতে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। বাকি ৮ জন অনশনরত অবস্থায় উপাচার্য বাস ভবনের সামনে অবস্থান করছেন।
অপরদিকে, তবে উপাচার্যের পক্ষের পাল্লাও এখন ভারি হতে শুরু করেছে। শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন উপাচার্য, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন এখন তাঁর পক্ষে কথা বলতে শুরু করেছেন।