১০ ডিসেম্বর ২০১৭


মৌ’বাজারে জোড়া খুন : সন্দেহভাজন ৫ জনের ছবি প্রকাশ

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ছাত্রলীগের দুই কর্মী মোহাম্মদ আলি শাবাব ও নাহিদ আহমদ মাহি হত্যার ঘটনায় ৫ সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে পুলিশ। শনিবার তাদের ছবি প্রকাশ করা হয়।

সন্দেহভাজনরা হল – সনি, মাহদী, তুষার, সৌমিক ও প্রতীক। এর আগে হত্যাকাণ্ডের সাথে জড়িত রুবেল নামের একজনকে রাজনগর উপজেলা থেকে শুক্রবার ভোরে আটক করে পুলিশ। রুবেলের তথ্যর ভিত্তিতেই তাদের শনাক্ত করা হয়েছে বলে জানায় পুলিশ।

শনিবার সন্ধ্যা থেকেই ঘাতকদের ছবি ও নাম স্থানীয় ক্যাবল টিভিসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়। ঘাতকদের সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন।

এদিকে, এই হত্যাকাণ্ডে পুলিশের অগ্রগতী সর্ম্পকে জানতে শনিবার দিনব্যাপী মৌলভীবাজারে অবস্থান নেন সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার কামরুল আহসান। তিনি শনিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত মৌলভীবাজার জেলায় অবস্থান করেন। পরে নিহত দুই ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আলী শাহবাব ও নাহিদ আহমদ মাহীর বাড়িতে গিয়ে অভিভাবকদের সাথে কথা বলেন এবং হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা পুলিশ কর্তকর্তাদের সাথেও একাধিক বৈঠক করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহমদ বলেন, ঘাতকদের আটক করলে নেপথ্য প্রকৃত কারণ উদঘাটন করা যাবে। এদের সবাইকে শনাক্ত করা হয়েছে। তাদেরও গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পশ্চিমাংশে নির্জন স্থানে মোহাম্মদ আলী শাহবাব ও নাহিদ আহমদ মাহীকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে দুর্বৃত্তরা।

(আজকের সিলেট/১০ ডিসেম্বর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন