১০ জানুয়ারি ২০২২


দোয়ারাবাজারে খাল ভরাট করে হচ্ছে আশ্রয়ণ প্রকল্প

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর-রাজনপুর এলাকায় খাল ভরাট করে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে ইতিমধ্যে কাঞ্চনপুর গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, এখানে খাল ভরাট করে আশ্রয়ণ প্রকল্প না করতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও প্রকল্পের কাজ শুরু করে মুজিববর্ষে গৃহহীনদের ঘর দেওয়ার মতো একটি মহৎ উদ্যোগকে বিতর্কিত করা হচ্ছে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, এলাকার পানি নিস্কাশনের একমাত্র রাস্তা এই খাল। খালটি ভরাট করে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করছে স্থানীয় উপজেলা প্রশাসন। এমন একটি পদক্ষেপ প্রধানমন্ত্রীর মানবিক পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করবে। এ সমস্যা সমাধানে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় বক্তব্য রাখেন- সাবেক ইউপি সদস্য মখলিছ আলী, দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, মাওলানা আবুল কালাম, জিয়াউল হক মাস্টার প্রমুখ।

শেয়ার করুন