৫ জানুয়ারি ২০২২
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় হেলাল উদ্দিন (৫৫) নামের এক কৃষককে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত হেলাল ওই গ্রামের মৃত ছখাওত আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য বেলাল আহমদের ভাই। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন। হত্যার ঘটনায় অভিযুক্ত চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার বিকেলে উপজেলার তালিমপুর ইউনিয়নের খুঁটাউরা গ্রামে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে থেকে দুজনকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- খুটাউরা গ্রামের হিফজুর রহমান (২৫), নাজিম উদ্দিন (৩২), ছফর উদ্দিন (৩৫) ও ছাদিকুর রহমান (২০)।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তালিমপুর ইউপির খুটাউরা গ্রামের সাবেক ইউপি সদস্য বেলাল আহমদের ছেলে নয়ন আহমদ নৌশাদ বাড়ির পাশের রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। একই সময় এলাকার আরজান আলী কটাইর ছেলে ছাদিকুর রহমান ও ছফর উদ্দিন দ্রুতবেগে মোটরসাইকেল নিয়ে নৌশাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় নৌশাদ প্রতিবাদ করলে তারা তাকে মারধর করেন। খবর পেয়ে নৌশাদের চাচা হেলাল উদ্দিন ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাকে দা দিয়ে কুপিয়ে মারাত্নক জখম করেন। পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার জেরে উভয়পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে শেখ ফরিদ (৪৫), নয়ন আহমদ (১৫), শাহ আলম (২৩), রাজু আহমেদ (১৪), নাজিম উদ্দিন (৩২), হিফজুর রহমান (২৫), ছাদিকুর রহমান (২০), ছফর উদ্দিন (৩৫) সহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বড়লেখা থানার ওসি)জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহত হেলাল উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।