২ জানুয়ারি ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) সাইফুল ইসলাম হত্যা মামলায় সুমন মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. সুমন মিয়া উমেদনগর এলাকার বাসিন্দা।
শনিবার রাতে হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর থেকে তাকে গ্রেফতার করা হয়
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, গ্রেফতার হওয়া সুমন শহরের একটি কাপড়ের দোকানের কর্মচারী। গোপন তথ্যের ভিত্তিতে উমেদনগর থেকে সুমনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে গত মঙ্গলবার দুপুরে শহরের টাউন হল রোড এলাকায় হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) সাইফুল ইসলামকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন নিহত সাইফুল ইসলামের বোন লুৎফুন্নেছা শেফু। হত্যাকাণ্ডের পর সাইফুল হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন মেডিক্যাল টেকনোলজিস্টরা।