৫ জানুয়ারি ২০২২


বার বার ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিলেট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে ২০২১ সালে করোনার পরেই যে বিষয়টি আলোচিত হয় তা হচ্ছে ‘ভূমিকম্প’। নয়দিনের ব্যবধানে আট দফা ভূমিকম্প হয় সিলেটে। সর্বশেষ গত ৭ জুন সন্ধ্যায় দুই দফা কেঁপে ওঠে সিলেট। ৩ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পে ফাটল দেখা দেয় সিলেট নগরীর বন্দরবাজার এলাকার রাজা জিসি স্কুলের একটি ভবনে।

এর আগে গত ২৯ মে সকাল ১০টা থেকে বেলা ২টার মধ্যে সিলেটে অন্তত পাঁচটি ভূকম্পন অনুভূত হয়। পরদিন ভোরে আবার ভূমিকম্প হয়। যার সবগুলোর উৎপত্তিস্থল ছিলো সিলেটের জৈন্তাপুর এলাকায়। ২৯ ও ৩০ মে ভূমিকম্পের পর নগরীর সুরমা মার্কেট, সিটি সুপার মার্কেট, মধুবন সুপার মার্কেট, সমবায় মার্কেট, মিতালী ম্যানশন ও রাজা ম্যানশন মার্কেট ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ প্রদান করে সিসিক। এছাড়া জিন্দাবাজার এলাকার জেন্টস গ্যালারি নামের একটি দোকান ও পনিটুলার একটি আবাসিক ভবনও ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

সিলেটে দফায় দফায় ভূমিকম্পের পর নগরীর সব বহুতল ভবন তোড়জোড় করে পরীক্ষার উদ্যোগ নেয় সিসিক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতায় সে কাজ এখনও শুরুই করা সম্ভব হয়নি। নগরীর ২৫ টি ভবনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে রেখেছে সিসিক। কিন্তু সেগুলোতে চলছে স্বাভাবিক কার্যক্রম।

শেয়ার করুন