২৪ ডিসেম্বর ২০২১
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে একই বাড়িতে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন দুইজন চেয়ারম্যান প্রার্থী। তারা দুইজনই সম্পর্কে চাচাতো ভাই। ঘরও পাশাপাশি। তাদের প্রচার-প্রচারণা চলছে সমানতালে। দুইজনই জয়ের আশাবাদী হয়ে ঘুরে বেড়াচ্ছেন নির্বাচনী পুরো মাঠ। ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে চাচ্ছেন ভোট।
জানা যায়, ইউপি নির্বাচনে উপজেলার ১০টি ইউনিয়নে ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে এরই মধ্যে ৩নং ফুলবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে অংশ নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আওয়ামী লীগের নৌকার প্রার্থী আবুল হানিফ খান।
তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তার আপন চাচাতো ভাই যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রহমান খাঁন সুজা। তাদের সঙ্গে রয়েছেন আরও তিনজন প্রার্থী। দুই ভাইয়ের ভোটযুদ্ধে শেষ পর্যন্ত ফলাফল কী হবে সেটা এখন দেখার অপেক্ষায় ইউনিয়নবাসী।
এর আগে আব্দুল হানিফ খান ২০১৫ সালের উপনির্বাচনে নৌকার প্রার্থী হয়ে পরাজিত হন। এরপর ২০১৬ সালের নির্বাচনে পুনরায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন তিনি। এবারো আব্দুল হানিফ খান দলীয় প্রতীক নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নির্বাচনী মাঠে।
অপরদিকে নতুন মুখ হিসেবে রয়েছেন তার চাচাতো ভাই আব্দুর রহমান খাঁন সুজা। এ নিয়ে আলোচনা গোটা ইউনিয়নে তারা আলোচনায় রয়েছেন।
জানতে চাইলে আনারস প্রতীকের প্রার্থী আব্দুর রহমান খাঁন সুজা বলেন, আমার প্রচারণা বেশ চলছে। ভোটাররা আমার দিকে ঝুঁকছেন। ইনশাআল্লাহ আমার জয় হবে।
এ ব্যাপারে আবুল হানিফ খানের মোবাইলে ফোন দিলে তিনি পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন।